‘ছাই’ থেকে উড়েছিলেন রসি
৩৮ বছর আগে তিনি ফিনিক্স পাখির মতো উড়েছিলেন ছাইভস্ম থেকে। উড়ন্ত ‘পাখি’ মাটিতে নামলেও মানুষ তাকিয়ে থাকে মুগ্ধ নয়নে। বুট তুলে রাখার পরও সবাই তাঁকে সেই চোখে দেখেছে। আজ তিনি চিরঘুমে চলে গেলেও পাল্টায়নি মানুষের নজর। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্বজুড়ে সিনায় সিনায় টান লাগার যে বিনিসুতোর মালা গড়েছে, তার মাধ্যমে মানুষ শ্রদ্ধা জানাচ্ছে—পাওলো রসি, চিরকালের ম্যাচসেরা!
ইতালিয়ান এক সংবাদকর্মীর এই টুইট বেশির ভাগ ইতালিয়ানের মনের কথা। ইতালি বিশ্বকাপ জিতেছে চারবার। কিন্তু আর কোনো ইতালিয়ান তাঁর মতো ‘ছাইভস্ম’ থেকে উড়তে পারেনি। সম্ভবত আর কেউ–ই অতল–পতন থেকে ঘুরে দাঁড়িয়ে দেশকে বিশ্বকাপ জেতাতে পারেনি, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিততে পারেনি। ডিয়েগো ম্যারাডোনা চলে গেছেন কিছুদিন আগে। এবার চলে গেলেন পাওলো রসি। মৃত্যুর মিছিল বয়ে চলা এ বছর গ্রহণ লাগিয়ে দিল আশির দশকের ‘নস্টালজিয়া’তেও!
রসি বেঁচে থাকতে গ্রহণ লেগেছিল তাঁর জীবনেও। সূর্য গ্রহণ শেষে যেভাবে আলো ঠিকরে বেরোয়, রসিও সেভাবে নিজের আলো বিলিয়ে দিয়েছিলেন ’৮২ বিশ্বকাপে। অথচ সেবার ইতালি বিশ্বকাপ জয়ের ৯ সপ্তাহ আগেও রসির ফুটবল খেলা নিষিদ্ধ ছিল। সেই লোকটাই কি না, বিশ্বকাপে ইতালির শেষ তিন ম্যাচে করলেন ৬ গোল! কোয়ার্টার ফাইনালে টেলে সান্তানার ‘ম্যাজিক’ ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক, সেমিফাইনালে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল আর ফাইনালে তখনকার পশ্চিম জার্মানির বিপক্ষেও পেলেন গোল। কিংবদন্তি হতে আর কী লাগে!
কিন্তু রসির কিংবদন্তি হয়ে ওঠার ওজনটা একটু অন্য রকম। ম্যারাডোনার প্রতিভা ঠিকরেছে শৈশব থেকে, তেমনি পেলেরও, এমনকি ইয়োহান ক্রুয়েফ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারদের আলোও ঠিকরে বের হয়েছে ক্যারিয়ারের শুরু থেকে। রসির গল্পটা তেমন নয়—এই মানুষটির ১৯৮২ বিশ্বকাপে খেলারই কথা ছিল না, ছিলেন জেলহাজতে। সেখান থেকে বিশ্বকাপ, আর ওই এক বিশ্বকাপ দিয়েই সর্বকালের সেরাদের কাতারে। ভাবা যায়! সত্যিই, ভাবাটা একটু কষ্টের হলেও অস্বীকার করার উপায় নেই। বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত মাত্র তিনজন খেলোয়াড় এক টুর্নামেন্টে শিরোপার সঙ্গে জিতেছেন সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ১৯৬২ বিশ্বকাপে গারিঞ্চা, ১৯৭৮ বিশ্বকাপে মারিও কেম্পেস আর ’৮২–র রসি।
অথচ রসি প্রথাগত স্ট্রাইকার ছিলেন না। প্রথাগত ‘নম্বর নাইন’ যেমন হয়ে থাকেন, তেমন না। ছোটখাটো লিকলিকে শরীর, দেখে মনে হবে আঁটসাঁট রক্ষণের চাপে ভেঙে পড়বে। স্পেন বিশ্বকাপে ইতিহাস গড়ার আগে তাঁকে কেউ কিংবদন্তি দূরে থাক, চ্যাম্পিয়ন খেলোয়াড় হিসেবেও ভাবেনি। জুভেন্টাসে প্রথম দফায় সই করে দলটির হয়ে তিনি কোনো ম্যাচ খেলতে পারেননি। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে তিন–তিনবার! এর মধ্যে ধারে খেলেছেন এ ক্লাবে, সে ক্লাবে, এমনকি সিরি বি–তেও! এক মৌসুমে ২১ গোল করে ভিসেঞ্জাকে সিরি আ–তে তুলে আনার পর প্রথম নজরে পড়েন রসি। পরের মৌসুমে সিরি আ–তেও করলেন সর্বোচ্চ ২৪ গোল। এরপর ডাক এল ইতালি জাতীয় দলে। সামনে ১৯৭৮ বিশ্বকাপ। রসির গল্পের চুম্বক অংশে সেই বিশ্বকাপে তাঁর ৩ গোল অবশ্য ঠাঁই পাবে না। ঠাঁই পাবে না জুভেন্টাসের হয়ে তাঁর লিগ জয় ও ইউরোপিয়ান কাপ জয়ের বীরত্বও।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দুই বছর পর পেরুজিয়ায় ধারে খেলছিলেন রসি। সেখানে থাকতে ইতালিয়ান ফুটবলের ইতিহাসে অন্যতম জঘন্য কুকীর্তির সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। সিরি আ ও সিরি বি মিলিয়ে ম্যাচ পাতানোর সেই কেলেঙ্কারি ‘তোতোনেরো’ নামে কুখ্যাতি কুড়িয়েছে। ৩৩ জন খেলোয়াড়, ৩ জন ক্লাব সভাপতি ও ২ জন বাজিকরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। খেলোয়াড়দের বিরুদ্ধে টাকার বিনিময়ে ম্যাচ পাতানোর অভিযোগ তোলা হয়েছিল। রসি বরাবরই নিজেকে নির্দোষ দাবি করলেও গুঞ্জন রটেছিল, তাঁর আইনজীবী এক প্রত্যক্ষদর্শী সাক্ষীকে মুখ বন্ধ রাখতে টাকা সেধেছিলেন। ইতালিয়ান আদালত রসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজে না পেলেও তাঁকে ৩ বছর নিষিদ্ধ করে দেশটির ফুটবল ফেডারেশন। নিষিদ্ধ হওয়ার আগে রসি ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্তদের একজন। নিষিদ্ধ হওয়ার পর তাঁর আর কোনো সাড়াশব্দ রইল না। প্রায় বিস্মৃত, ছাই হয়ে যেন উবে গেলেন!
রসি তখন জীবনের কর্কশ পাঠ নিচ্ছিলেন। তাঁর জন্য কোথাও কেউ নেই! দেখা মিলল ’৮২ বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচে মাত্র ১১ গোল করার পর। ইতালি কোচ এনজো বেরজোত কলকাঠি নেড়ে তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ফিরিয়ে আনলেন জাতীয় দলে। বেরজোত তখন বলেছিলেন, ‘সরাসরি তাকে বিশ্বকাপে নিয়ে আসা ছিল জুয়া। কিন্তু আমার হাতে বিকল্প কিছু নেই।’
১৪ জুন, ১৯৮২। পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ইতালির প্রথম ম্যাচের আগে রসিও কোচকে শুনিয়ে দেন দুকথা, ‘তুমি আমাকে ইতালিয়ান ফুটবলের রক্ষাকবচ ভাবতে পারো না।’ সেই বিশ্বকাপে নামার আগে লিগে মাত্র ৩ ম্যাচ খেলেছিলেন রসি, ‘শুধু পেলের মতো কেউ একটা দলকে পাল্টে দিতে পারে। আমি তো পেলে নই। জানি না সবাই কী প্রত্যাশা করছে, কিন্তু তা মেটাতে আমাকে অন্তত হাজারখানেক সমস্যার মুখোমুখি হতে হবে।’
ইতালির প্রথম তিন ম্যাচে হাজারখানেক নয়, সম্ভবত লাখো সমস্যার মুখোমুখি হয়েছিলেন রসি। এই তিন ম্যাচে মাঠে দৌড়েছেন উদ্দেশ্যহীন, ফিটনেসের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। যেন কেউ তাঁকে জোর করে নামিয়ে দিয়েছে মাঠে! সংবাদমাধ্যম তখন তাঁর ও কোচের মুণ্ডুপাত করছে। করবেই বা না কেন! প্রথম চার ম্যাচে রসির পায়ে গোল নেই, খেলার ধারও ভোঁতা করাতের মতো। রসি তাই বলেছিলেন, ‘সবাই আমার কাছ থেকে অলৌকিক কিছু দেখতে চায়। অথচ শেষ দুই বছর অলস সময় কেটেছে। মানসিকভাবেও ভেঙে পড়েছিলাম। এ অবস্থায় ইতালিয়ান ফুটবলের সব সমস্যার সমাধান করাটা কেউ আমার কাছে প্রত্যাশা করে কীভাবে!’
বলা বাহুল্য, রসি মিথ্যা বলেছিলেন। কোয়ার্টার ফাইনালে ইতালির প্রতিপক্ষ সক্রেটিস, ফ্যালকাও, এডেরদের ব্রাজিল। কোচ ‘ব্রাজিলিয়ান ফুটবলের সর্বশেষ রোমান্টিক কোচ’খ্যাত টেলে সান্তানা—যাঁর খেলার দর্শন ছিল, গোল যতই হজম করি না কেন, যে দল বেশি গোল করে, তারাই তো জেতে! অর্থাৎ ভীষণ আক্রমণাত্মক এবং তার বশেই প্রায় সব ‘বল প্লেয়ার’ দিয়ে বিশ্বকাপ স্কোয়াড সাজান তিনি। বিশ্বকাপ জিততে না পারা সেরা দলগুলোর মধ্যে আজও দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারিত হয় সান্তানার এই সক্রেটিস–ফ্যালকাওদের নাম। তার কারণও রসি! বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা সেই ম্যাচে ব্রাজিলকে ৩–২ গোলে হারায় ইতালি। হ্যাটট্রিক করেন রসি। সেমিফাইনালে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল আর ফাইনালে তাঁর গোলেই খাতা খুলেছিল ইতালি। তারপর?
তারপরটা গ্রিক পুরাণের সেই ফিনিক্স পাখির গল্পের মতো। ছাইভস্ম থেকে উড়ে নামটা চিরস্থায়ী বন্দোবস্ত করে গেল ইতিহাসের পাতায়। সেটিও এমন এক পাতা—১৯৮২ বিশ্বকাপ—যেখানে ছিলেন ম্যারাডোনাও। আর্জেন্টাইন কিংবদন্তি ছিলেন নিখাদ প্লেমেকার। খেলতেন স্ট্রাইকারের পেছনে। উল্টো দিক থেকে দেখলে আগে। ফুটবলের এই ছক মেনে ম্যারাডোনা চলে গেলেন আগে, রসি পরে।
ওখানে প্লেমেকার ও স্ট্রাইকারের জুটিটা জমবে বেশ।