ছিটকে গেলেন আরও দুই সকারু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই জানা গিয়েছিল হ্যামস্ট্রিংয়ের চোটে অধিনায়ক মিলে জেডিনাক থাকছেন না। এটি বাংলাদেশের জন্য ‘সুখবর’। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় পা রাখার আগে আরেকটা সুখবরও পেল বাংলাদেশ ফুটবল দল। চোট থেকে সেরে না ওঠায় বাংলাদেশ ও তাজিকিস্তানের বিপক্ষের ঘোষিত অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন বেয়ার লেভারকুসেনে খেলা ফরোয়ার্ড রবি ক্রুজ ও হল্যান্ডের ক্লাব রোডা জেসির স্ট্রাইকার টমি জুরিচও।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খেলোয়াড়দের দলে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সকারুদের কোচ অ্যাঞ্জে পস্তেকোগ্লু। এই তিন খেলোয়াড়ের বদলে ২৩ সদস্যের দলে যাঁরা আসছেন তাঁদের দুজন খেলেন ইউরোপে—ইতালির লাৎসিওর ফরোয়ার্ড ক্রিস ইকোনোমিডিস ও জার্মানির দ্বিতীয় বিভাগের দল এফসি হেইডেনহেইমের স্ট্রাইকার বেন হালোরান। তাঁদের সঙ্গী হচ্ছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোর–এর মিডফিল্ডার লুক ব্র্যাটান। অধিনায়কের বাহুবন্ধনী পরবেন দীর্ঘদিনের সৈনিক টিম কাহিলই। সকারুসডটকম।