ছিটকে গেলেন কোমল-এমিলি
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর শরণাপন্ন হয়েছিলেন তাঁরা দুজন। কিন্তু আশার খবর শুনতে পারলেন না। আবদুল বাতেন কোমলের সাফ শেষ। একই পথে জাহিদ হাসান এমিলিও।
পরশু রাতে চিকিৎসক দেবাশিসের সঙ্গে দেখা করে হতাশা নিয়েই বিকেএসপি ফিরে গেছেন চোটের শিকার দুই ফুটবলার। তবে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর নিয়ে। কোমল দু-এক দিনের মধ্যেই ক্যাম্প ছেড়ে বাসায় ফিরবেন। তাঁর হাঁটুর চোট দ্রুত সারবে না। ২৩ ডিসেম্বর শুর সাফ খেলার আশা তাই জলাঞ্জলিই দিলেন এই ফরোয়ার্ড, ‘সাফ টুর্নামেন্টটা সবাই খেলতে চায়। কিন্তু পারলাম না। এমন টুর্নামেন্টের আগে দল থেকে বিদায় নেওয়াটা খুবই হতাশার।’
এমিলির অবস্থা কোমলের চেয়ে একটু ‘ভালো’। তবে সাফে খেলার জন্য সেটি যথেষ্ট নয়। আরও এক সপ্তাহ তাঁকে জিম করতে হবে। বল নিয়ে অনুশীলন করতে হবে একা। দলের সঙ্গে এখনই নয়। এমিলি বিকেএসপি থেকে কাল বলছিলেন, সাফের দলে না থাকলেও বিকেএসপিতে দলের সঙ্গে থেকেই পুনর্বাসনপ্রক্রিয়া চালাতে চান। হাঁটুর মিনিসকাসে সমস্যা থাকায় পায়ে পূর্ণশক্তি এখন পাচ্ছেন না।
ডিফেন্ডার কেষ্ট কুমার এরই মধ্যে ক্যাম্প ছেড়েছেন চোট নিয়ে। জামাল ভূঁইয়ার কালও বিকেএসপিতে ফেরেননি। জ্বর নিয়ে উত্তরার একটি হাসপাতালে আছেন দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়। সব মিলিয়ে সাফের আগে চোট বাংলাদেশ দলকে বেশ ভালো ধাক্কাই দিয়েছে।