ছুটছে জিদানের রিয়াল

পরশু দুটি হাতছানি ছিল সামনে। নিজেদের ছাড়িয়ে যাওয়া, আর বার্সেলোনার রেকর্ড ছোঁয়া। এ মৌসুমে রিয়াল মাদ্রিদের যে ফর্ম, তাতে মনে হয় না এসপানিওলের মাঠে তা নিয়ে খুব বেশি মানুষের সংশয় ছিল। তবু ফুটবলের অনিশ্চয়তা বলে কথা!

ক্রিস্টিয়ানো রোনালদো নেই, নেই গ্যারেথ বেলও। প্রথমজন ঠান্ডায় কাহিল, পরেরজন চোট থেকে সেরে ওঠেননি। সেরা দুই খেলোয়াড়কে ছাড়া পারবে কি রিয়াল? সংশয় যদি কিছুটা থেকেও থাকে, সেটি একেবারে ফুঁ দিয়ে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। দুজনের অভাব একটুও টের পাওয়া গেল না। টের পেতে দিলেন না ‘বিবিসি’ ত্রয়ীর তৃতীয়জন করিম বেনজেমা ও প্রায় তিন মাস পর প্রথম একাদশে সুযোগ পাওয়া
হামেস রদ্রিগেজ। বেনজেমা-রদ্রিগেজের গোলেই এসপানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় এ মৌসুমে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল রিয়াল। গড়ল নিজেদের ইতিহাসে টানা সবচেয়ে বেশি লিগ ম্যাচ জয়ের রেকর্ড, স্পর্শ করল বার্সেলোনার গড়া লিগে টানা ম্যাচ জয়ের স্প্যানিশ রেকর্ডটাও। জিনেদিন জিদানের অধীনে এ যেন এক অপ্রতিরোধ্য রিয়াল!
রাফা বেনিতেজকে সরিয়ে এ বছরের জানুয়ারিতে যখন তাঁকে দায়িত্ব দেওয়া হলো, কম সমালোচনা হয়নি। জিদান অনভিজ্ঞ কোচ, ইউরোপের বিখ্যাত সব কোচের সঙ্গে কৌশলের খেলায় তিনি পারবেন না—আরও কত কথা! জিদান কিছু বলেননি। কথার বদলে কথার তির ছোড়া ঠিক তাঁর স্বভাবে নেই। তিনি তো কাজে বিশ্বাসী।
কাজ দিয়েই জবাব দিলেন সাবেক রিয়াল মিডফিল্ডার। দায়িত্ব নেওয়ার পর মাত্র প্রায় নয় মাস হলো। এর মধ্যেই চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। গত মৌসুমের মাঝামাঝি যখন তাঁকে কোচ বানানো হয়, লা লিগায় রিয়াল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে বেশ পিছিয়ে। সেখান থেকে মৌসুমের শেষ ১২টি ম্যাচে টানা জয় নিয়ে জিদানের দল লিগ শেষ করেছে চ্যাম্পিয়ন বার্সার চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে। এ মৌসুমের শুরুতেও টানা চার জয়। ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে টানা ১৬ ম্যাচ জিতে এত দিন লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটা এককভাবে ছিল বার্সেলোনার। পরশু তাতে ভাগ বসাল রিয়াল।
বার্সেলোনার আগে রেকর্ডটি রিয়াল মাদ্রিদেরই ছিল। ১৯৬০-৬১ মৌসুমে টানা ১৫ ম্যাচ জিতে যেটি গড়েছিল মিগুয়েল মুনোজের রিয়াল। সেই দলে ছিলেন আলফ্রেডো ডি স্টেফানো-ফেরেঙ্ক পুসকাস ও লুইস দেল সোলরা। শুরুতে যাঁকে অনভিজ্ঞ বলা হচ্ছিল, সেই জিদানের অধীনেই রিয়াল এমন কীর্তি গড়ল যেটি হয়নি ভিসেন্তে দেল বস্ক, ইয়ুপ হেইঙ্কেস, বার্নড শুস্টার, হোসে মরিনহো ও কার্লো আনচেলত্তিদের মতো নামী কোচদের সময়েও।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে রিয়ালকে এগিয়ে দেন জিদানের দলে প্রায় ব্রাত্য হয়ে পড়া রদ্রিগেজ। ম্যাচের ৭০ মিনিটে দ্বিতীয় গোল বেনজেমার। একসঙ্গে পথচলা শুরুর পর যেটি বিবিসি ত্রয়ীর ৩০০তম গোল!
এক রাতে এত অর্জন! তবু বিনয়ী জিদান সব কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের, ‘রেকর্ড গড়ে ভালো লাগছে। ছেলেরা যে কঠোর পরিশ্রম করেছে, এটা তারই ফল। তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি ম্যাচ থেকে পয়েন্ট তুলে নেওয়া। লা লিগা যথেষ্ট কঠিন।’
১২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই আছে রিয়াল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। বার্সার সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তৃতীয় স্থানে লাস পালমাস। গোলডটকম, ইএসপিএন।
১৬
লা লিগায় টানা ১৬ ম্যাচ জিতে বার্সেলোনার স্প্যানিশ রেকর্ড ছুঁয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সা টানা ১৬ ম্যাচ জিতেছিল ২০১০-১১ মৌসুমে।
>

বিবিসির ৩০০ গোল
এসপানিওলের বিপক্ষে পরশু করিম বেনজেমার গোলটি ছিল রিয়ালত্রয়ী বিবিসির ৩০০তম গোল। চতুর্থ মৌসুমে এসে এই মাইলফলক ছুঁলেন বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো।
আগের তিন মৌসুমে গড়ে ৯৮.৩টি করে গোল করেছে বিবিসি। এই মৌসুমে এখন পর্যন্ত তাঁদের গোল ৫টি।
কার কয়টি
১৬৫
ক্রিস্টিয়ানো রোনালদো
৭৫
করিম বেনজেমা
৬০
গ্যারেথ বেল
মৌসুম থেকে মৌসুম
২০১৩-১৪ : ৯৭
২০১৪-১৫ : ১০০
২০১৫-১৬ : ৯৮
২০১৬-১৭ : ৫
কোন টুর্নামেন্টে কয়টি
২২১
লা লিগা
৬৭
চ্যাম্পিয়নস লিগ
৭
কোপা ডেল রে
৩
ক্লাব বিশ্বকাপ
২
ইউরোপিয়ান
সুপার কাপ