ছুটছে বেলের ওয়েলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে ক্রিস কোলম্যান অম্লান বদনে স্বীকার করে নিলেন, উত্তর আয়ারল্যান্ডই ছিল মাঠের সেরা দল। ওয়েলস কোচের এমন সরল স্বীকারোক্তি ভালো লাগার কথা নয় উত্তর আয়ারল্যান্ডের। আত্মঘাতী গোলের দুর্ভাগ্যের শিকার হয়ে ওয়েলসের কাছে ১-০ গোলে হেরেছে তারা। প্রথমবারের মতো ইউরো খেলতে এসেই কোয়ার্টার ফাইনালে চলে গেল বেলের ওয়েলস।

বেলের ওয়েলসই তো! প্রথমবারের মতো ইউরো খেলতে আসা, সেখানে গ্রুপপর্ব পেরিয়ে শেষ ষোলোতে পা রাখা—এসব কিছুই তো সম্ভব হলো গ্যারেথ বেলের জন্য। ম্যাচের আগেই উত্তর আয়ারল্যান্ডের কোচ মার্টিন ও’নিল জানিয়েছেন, বেলকে ম্যাচের একটা বড় অংশজুড়েই পাহারায় রাখতে হবে। কেন, সেটি বুঝিয়ে দিয়েছেন বেল।

না, বেল কোনো গোল করেননি। এমনকি গোলে সহায়তা করেছেন, স্কোরবোর্ডে এ কথাও লেখা থাকবে না। ওয়েলসের ইতিহাসে জায়গা করে ফেলা গোলটি ছিল আত্মঘাতী। ম্যাচের ৭৫ মিনিটে উত্তর আয়ারল্যান্ডের ডিফেন্ডার গ্যারেথ ম্যাকলি করেছেন সেই গোল। কিন্তু ম্যাকলিকে দোষ দেওয়া যাচ্ছে না। বাঁ প্রান্ত থেকে বেল যে ক্রসটি দিয়েছেন, সেটি ম্যাকলি ফেরাতে চেষ্টা না করলেও গোল হতো। তাঁর পেছনেই ছিলেন ওয়েলস স্ট্রাইকার হাল রবসন-কানু। আইরিশ ডিফেন্ডার পা না ছোঁয়ালে আত্মঘাতী নয়, কানুর গোলেই ম্যাচ জিতে যেত ওয়েলস।

ম্যাচে শ্রেয়তর দল ছিল উত্তর আয়ারল্যান্ড। প্রথমার্ধে এলোমেলো ফুটবলের পর দ্বিতীয়ার্ধে খেলায় প্রাণ ফিরে আসে। একের পর এক আক্রমণে আইরিশরা ভয় দেখাচ্ছিল ওয়েলসকে। তবে পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করছিলেন বেল-অ্যারন রামসেরা। ৫৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেই ফেলেছিলেন বেল। মাইকেল ম্যাকগভার্ন সে যাত্রা বাঁচিয়ে দিলেও শেষ হাসি হেসেছেন বেল। সনি সিক্স।

 আজকের খেলা 

সন্ধ্যা ৭টা

জার্মানি–স্লোভাকিয়া

রাত ১০টা

হাঙ্গেরি–বেলজিয়াম

রাত ১টা