ছুটছেন রোনালদো, সামনে মাত্র দুই

>
- ২ মিনিটেই ম্যাচটা নিজেদের করে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
- মো সালাহর গোলে ম্যাচে এগিয়ে গিয়েছিল মিসর
- পর্তুগাল ম্যাচটা জিতেছে ২-১ গোলে
- পর্তুগালের হয়ে রোনালদোর গোলসংখ্যা ৮১
জয় দেখছিল মিসর। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়ে গেছে। দলের সেরা খেলোয়াড় সালাহকেও তাই উঠিয়ে নিয়েছিলেন কোচ। কিন্তু ম্যাচটা নিজেদের করে নিতে রোনালদোর লাগল মাত্র ২ মিনিট। যোগ করা সময়ে দুই মিনিটের ব্যবধানে দুই গোলে পর্তুগালকে ২-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে সঙ্গে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে নিজেকেও তুলে নিয়েছেন আরও এক ধাপ ওপরে।
আন্তর্জাতিক ফুটবলে ৭৯ গোল নিয়ে কাল ম্যাচ শুরু করেছিলেন রোনালদো। ম্যাচের শেষ মুহূর্তের দুই গোলে সেটা পৌঁছে গেল ৮১-তে। তাতেই টপকে গেলেন জাপানের কুনিশিগে কামামোতোকে (৮০ গোল)। জাতীয় দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন রোনালদোর। তাঁর সামনে আছেন এখন ফেরেঙ্ক পুসকাস (৮৪) ও আলী দাইয়ি (১০৯)। ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হতে রোনালদোর লাগবে আর চার গোল। আর আন্তর্জাতিক পর্যায়ের চূড়ায় উঠতে লাগবে ২৯ গোল। ৩৩ বছরে পা রাখা রোনালদো দাইয়িকে টপকে জেতে পারবেন কি না, সেটা জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে!
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল:
খেলোয়াড় | দেশ | গোল | ম্যাচ |
আলী দাইয়ি | ইরান | ১০৯ | ১৪৯ |
পুসকাস | হাঙ্গেরি | ৮৪ | ৮৫ |
ক্রিস্টিয়ানো রোনালদো | পর্তুগাল | ৮১ | ১৪৮ |
কামামোতো | জাপান | ৮০ | ৮৪ |
গডফ্রে চিতালু | জাম্বিয়া | ৭৯ | ১০৮ |
বর্তমান ফুটবলারদের মধ্যে রোনালদোর ধারে কাছে আছেন শুধু একজনই। নামটাও জানা—লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ১২৩ ম্যাচে ৬১ গোল তাঁর। আন্তর্জাতিক ফুটবলে এ দুজনকে ধরার সম্ভাবনা আছে মাত্র তিনজনের। আন্তর্জাতিক ফুটবলে ৫১ ও ৫০ গোল রবার্ট লেবানডফস্কি ও লুইস সুয়ারেজের। তবে ত্রিশ ছোঁয়া এ দুজন নয়, রোনালদো-মেসিদের সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হওয়ার পথে আছেন নেইমার। ২৬ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড ৮৩ ম্যাচেই ৫৩ গোল করে ফেলেছেন।
বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল:
ক্রিস্টিয়ানো রোনালদো | পর্তুগাল | ৮১ | ১৪৮ |
লিওনেল মেসি | আর্জেন্টিনা | ৬১ | ১২৩ |
ডেভিড ভিয়া | স্পেন | ৫৯ | ১২৩ |
ক্লিন্ট ডেম্পসি | যুক্তরাষ্ট্র | ৫৭ | ১৪১ |
সুনীল ছেত্রী | ভারত | ৫৬ | ৯৭ |