ছুটতে শুরু করেছে 'জার্মান-যন্ত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে নেমেছেন শেষ মুহূর্তে। তিন মিনিটের উপস্থিতির দ্বিতীয় মিনিটেই গোল! এবারের ইউরোতে শোয়েনস্টাইগারের শুরুটা হলো দুর্দান্ত l এএফপি
মাঠে নেমেছেন শেষ মুহূর্তে। তিন মিনিটের উপস্থিতির দ্বিতীয় মিনিটেই গোল! এবারের ইউরোতে শোয়েনস্টাইগারের শুরুটা হলো দুর্দান্ত l এএফপি

ইঞ্জিন শুরু থেকেই তো পুরোদমে কাজ করতে পারে না। কলকবজাগুলো একটু ঠিকঠাক করে ছোটা শুরু করতেও তো সময় লাগে। জার্মানির জন্য এবারের ইউরো কি সে রকম হবে? ইউক্রেনের বিপক্ষে শুরু থেকে যে ‘যন্ত্র’ ধুঁকতে ধুঁকতে এগোচ্ছিল, ম্যাচ এগোতে এগোতে সেটা পেয়ে গেল গতি। ২-০ গোলের জয়ে তাই শুরুর বিবর্ণ জার্মানি শেষ পর্যন্ত উজ্জ্বল।
ইউরোতে প্রথম ম্যাচটা জার্মানির জন্য এমনিতেই পয়া। এর আগে ১১ ম্যাচ খেলে একটিতেও পরাজয়ের ইতিহাস নেই। ম্যাচ শুরুর আগে ইউক্রেনকে নিয়ে একটু অস্বস্তির কাঁটা ছিল। ১৯ মিনিটেই এগিয়ে যাওয়ার পরও প্রথমার্ধের বাকি সময়টায় সেই অস্বস্তি সঙ্গী হয়ে ছিল জার্মানির। গোলের বেশ কটি সুযোগ পেয়েছিল ইউক্রেন। কিন্তু এর একটিও কাজে লাগাতে পারেনি তারা। পারলে ইউক্রেন কোচ হাসিমুখেও মাঠ ছাড়তে পারতেন। ম্যাচ শেষে বিরসমুখে মিখালো ফোমেঙ্কো তাই জার্মান-শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিলেন। সেটিও জার্মানদের সম্পর্কে চিরন্তন সেই কথাটা বলেই, ‘জার্মানি একটা যন্ত্র। দারুণ সব খেলোয়াড় আছে তাদের। এই দলে কোনো বিস্ময় নেই। যন্ত্র হচ্ছে যন্ত্র।’
ম্যাচের ১৯ মিনিচে প্রথম গোলটি করেছেন ডিফেন্ডার শকোদ্রান মুস্তাফি। সেটি টনি ক্রুসের সেট পিস থেকে দারুণ এক হেডে। অথচ এই মুস্তাফি সেন্টারব্যাক হিসেবে জার্মান কোচ জোয়াকিম লোর চতুর্থ পছন্দ ছিলেন! মুস্তাফির গোলের পরই হঠাৎ করে যেন খেই হারিয়ে ফেলে জার্মানরা। ইউক্রেন একের পর এক আক্রমণে তটস্থ করে রাখে জার্মান রক্ষণকে। গোলপোস্ট অক্ষত রাখায় সবচেয়ে বড় কৃতিত্ব অবশ্যই ম্যানুয়েল নয়্যারের। প্রথমার্ধেই অন্তত দুবার নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন। জেরোম বোয়েটাংকেও ধন্যবাদ দেওয়া উচিত কোচ জোয়াকিম লোর। প্রথমার্ধে গোললাইন থেকে অবিশ্বাস্যভাবে একটা বল ফিরিয়ে দিয়েছেন জার্মান ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধে অবশ্য জার্মানি অনেকটাই গুছিয়ে ফিরে আসে। ম্যাচের শেষ বাঁশি বাজার একটু আগে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে ওজিলের ক্রসে গোল করেন বদলি হিসেবে নামা মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার।
ম্যাচ শেষে নয়্যার স্বীকার করেছেন, জার্মানি ঠিক জার্মানির মতো খেলতে পারেনি। তবে মনে করিয়ে দিলেন, ‘এটা ঠিক আমরা যা যা পারি, তার অনেক কিছুই দেখাতে পারিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা আরও উন্নতি করব।’ মিডফিল্ডার ক্রুসের কণ্ঠেও একই সুর, ‘এই ম্যাচ থেকে আমরা অনেক কিছুই শিখেছি। এখনো যে পর্যায়ে নেওয়া দরকার, সেখানে আমরা যেতে পারিনি। তারপরও আমাদের শুরুটা ভালোই হয়েছে।’
ইঞ্জিন একবার জোরে ছুটতে শুরু করলে কী হয়, সেটা তো ব্রাজিল বিশ্বকাপেই দেখা গেছে! এএফপি।
আজকের খেলা
অস্ট্রিয়া–হাঙ্গেরি
পর্তুগাল–আইসল্যান্ড