ছুটিকেই ছুটি দিচ্ছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু তাড়াতাড়িই মাঠে ফিরছেন মেসি। ছবি: ফাইল ছবি।
একটু তাড়াতাড়িই মাঠে ফিরছেন মেসি। ছবি: ফাইল ছবি।

শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে হারের পরপরই লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জু। বাহামায় সময় খুব খারাপ কাটছিল না। কিন্তু ভাবনাহীন ছুটির আলস্যেও বোধ হয় মেসির মনে বারবার ফিরে ফিরে আসছিল কোপার ফাইনালের দুঃস্বপ্ন। মনে মনে মিলিয়ে নিচ্ছিলেন কী পেলেন আর কী হারালেন তাঁর হিসাব। মনটা ফুটবলেই পড়ে ছিল বলেই হয়তো ছুটিটা সংক্ষিপ্ত করলেন তিনি। ফুটবলহীন জীবন থেকে ছুটি নিয়ে বার্সেলোনায় নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ফিরেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা।
বার্সেলোনার হয়ে তিনি যোগ দিয়েছেন প্রাক মৌসুম অনুশীলন ক্যাম্পে। সোমবার দলের যে ২৫ জন খেলোয়াড় ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্পে রওনা দেবে, তাঁদের মধ্যে আছেন তিনিও। শনিবার ক্লাবের তরফ থেকে এক টুইটে এ তথ্য জানানো হয়েছে। ইংল্যান্ডের সেন্ট জর্জেস পার্কে হবে বার্সেলোনার এই অনুশীলন ক্যাম্প। সেখান থেকে ৩০ জুলাই ডাবলিনে সেল্টিকের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা। সেল্টিকের বিপক্ষে ম্যাচের পাশাপাশি আরও দুটো প্রীতি ম্যাচ আছে বার্সেলোনার সূচিতে। এর একটি সুইডেনে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি ও পরেরটি লন্ডনে লিভারপুলের বিপক্ষে। আগস্টের ৩ ও ৬ তারিখে খেলা দুটো অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডগামী দলে মেসি ছাড়াও আছেন লুইস সুয়ারেজ, আরদা তুরান ও অ্যালেক্স ভিদাল। ২৫ সদস্যের ১২ জনই হচ্ছেন বার্সেলোনা যুবদলের সদস্য। ছুটি কাটিয়ে এখনই ফিরছেন না আন্দ্রেস ইনিয়েস্তা, ক্লদিও ব্রাভো, জেরার্ড পিকে, সার্জিও বুসকটেস ও ইভান রাকিতিচরা। নেইমার ও রাফিনহাকে অলিম্পিকের জন্য ২০ আগস্টের আগ পর্যন্ত পাওয়ার কোনো সম্ভাবনাই আপাতত নেই।
এদিকে ১৪ ও ১৭ আগস্ট স্প্যানিশ সুপারকোপায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। সে ম্যাচে মাঠে নামানোর জন্য কয়জন তারকা কোচ লুইস এনরিকের হাতে থাকেন, দেখার বিষয় এখন এটিই। সূত্র: ইএসপিএন।