ছুরি বসালেন সেই মোরাতাই

জন্মেছেন মাদ্রিদে, বড় হয়েছেন স্পেনের রাজধানীর আলো-বাতাস গায়ে মেখে। এই মাদ্রিদই জানে আলভারো মোরাতার প্রথম সবকিছু, পেশাদার ফুটবলে হাতেখড়িও রিয়াল মাদ্রিদেই। একটা সময় রাউল, মরিয়েন্তেসদের সম্ভাব্য উত্তরসূরির তকমাও গায়ে লেগে গিয়েছিল। গত বছরও রিয়ালের হয়ে লা ডেসিমা জয়ের উৎসব করেছেন। সেই মোরাতাই রিয়ালকে বিদায় করে দিলেন চ্যাম্পিয়নস লিগ থেকে। ফুটবলেই বোধ হয় এমন চিত্রনাট্য লেখা সম্ভব!
এই মৌসুমে রিয়াল থেকে নাম লিখিয়েছেন জুভেন্টাসে। সুযোগ না পাওয়ার কারণেই ক্লাব ছেড়েছেন, কিছুদিন আগেও আঙুল তুলেছেন রিয়াল কোচ আনচেলত্তির দিকে। প্রথম লেগে গোল করে রিয়াল সমর্থকদের আফসোসে পুড়িয়েছেন। জুভেন্টাসের মাঠে ওই গোলের পর উদ্যাপন করেননি। পরশু রিয়ালকে বিদায় করে দেওয়া গোলটির পরও নয়। বার্নাব্যুর প্রতিটা ঘাস তাঁর চেনা, সেখানে উদ্যাপন করেন কীভাবে? মোরাতা পরে স্বীকার করেছেন, পুরোনো ক্লাবের বুকে ছুরি বসাতে কতটা বিদীর্ণ হয়েছে তাঁর হৃদয়, ‘আমি গোলটা উদ্যাপন করিনি, কখনোই করব না। আমার জন্য এটা তিক্ত-মধুর, অদ্ভুত একটা স্মৃতি। এই দুটি ম্যাচ ছিল আমার জন্য খুব কঠিন। আমি মাদ্রিদ সমর্থকদের ধন্যবাদ জানাই। গোলটা অন্য কারও সঙ্গে করতে পারলেই ভালো হতো, কিন্তু জীবন এমনই।’
ম্যাচ শুরুর আগে পুরোনো সতীর্থদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ম্যাচ শেষে তাঁদের কাছ থেকে পেয়েছেন ফাইনালের জন্য শুভকামনা। মোরাতা নিজেই জানিয়েছেন, ‘রামোস ও ক্যাসিয়াস আমাকে শুভকামনা জানিয়েছে।’ এএফপি, এএস।