ছেত্রীকে বেরিয়ে যেতে বলেছিল রোনালদোর সাবেক ক্লাব

২০১২ সালে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের (বর্তমান স্পোর্টিং সিপি) ‘বি’দলে যোগ দিয়ে হইচই ফেলে দিয়ে ছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনিল ছেত্রী। যে ক্লাব থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সে দলের দ্বিতীয় দলে র্যাঙ্কিংয়ে ১৬০ এর ঘরে থাকা ভারতের অধিনায়কের যোগ দেওয়া বলে কথা। তবে সুনিলের পর্তুগাল অধ্যায় সুখকর ছিল না। তাঁর পারফরম্যান্স দেখে দল থেকে বের হয়ে যেতে বলেছিলেন দলটির কোচ।
ইন্ডিয়া সুপার লিগ ডটকমকে এমন তথ্যই দিয়েছেন দক্ষিণ এশিয়ান ফুটবলের বড় তারকা। ২৬ বছর বয়সে স্পোর্টিং লিসবনের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছিল সুনীলের। কিন্তু তাঁর পারফরম্যান্স মন:পুত না হওয়ায় দল থেকে বের হয়ে যাওয়ার ধমক শুনতে হয়েছিল সুনিলকে, ‘ক্লাবে যোগ দেওয়ার এক সপ্তাহ পরেই কোচ আমাকে বলেছিলেন ‘বি’ দলের খেলার যোগ্য তুমি নও। দল থেকে বেরিয়ে যাও।’
১১২ ম্যাচে ৭২ গোল করে ভারতের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক সুনিল। ৩৫ বছর বয়সে এসে প্রতিদিনই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। তবে আজ থেকে প্রায় নয় বছর আগে পর্তুগালে খেলার যোগ্যতা তাঁর ছিল না বলে স্বীকার করে নিয়েছেন, ‘কোচ ঠিকই বলেছিলেন, স্পোর্টিং লিসবনে খেলার মতো অবস্থা আমার ছিল না। আই লিগ খেলার অভিজ্ঞতা নিয়ে লিসবনে গিয়েছিলাম। আমার চেয়ে ওদের খেলার গতি অনেক বেশি ছিল।’
তিন বছরের চুক্তি হলেও নয় মাস পরেই দল ছেড়ে ছিলেন। এই সময়ে ৫ ম্যাচ খেলে গোল করতে পারেনি একটিও। পরে নিজ উদ্যোগেই চলে এসেছেন দেশে, ‘আমাকে ছেড়ে দিতে হলে শর্ত অনুযায়ী অনেক ক্ষতিপূরণ দিতে হতো। কিন্তু কোচকে বলি, ক্ষতিপূরণ দিতে হবে না। আমাকে ছেড়ে দিন।’ পর্তুগালে যাওয়ার আগে ২০১০ সালে মেজর লিগ সকারে কানসাস সিটিতে নাম লিখিয়েছিলেন সুনিল। সে দলের হয়েও মাত্র ২ ম্যাচ খেলে কোনো গোল করা হয়নি তাঁর।