ছেত্রীদের রুখতে পারবে আবাহনী?

এএফসি কাপটা ঢাকা আবাহনীর কাছে এখন গলার কাঁটা। না পারছে গিলতে, না পারছে উপড়ে ফেলতে, যেন উভয়সংকট। অথচ প্রথম তিন ম্যাচেই হেরে দলটি জানে, এই টুর্নামেন্টের পরের রাউন্ডে যাওয়ার আর কোনো আশা নেই। বাকি তিন ম্যাচ খেলার জন্যই খেলা। অনেকটা আনুষ্ঠানিকতা।
সেই আনুষ্ঠানিকতার শুরু আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে, চতুর্থ ম্যাচ দিয়ে। যে ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী বেঙ্গালুরু এএফসি। গত এএফসি কাপের রানার্সআপ বেঙ্গালুরুর কাছে প্রথম ম্যাচে ভঙ্গুর আবাহনী হেরে এসেছে ২-০ গোলে। কিন্তু ঘরের মাঠ বলে কণ্ঠে হয়তো জয়ের আকাঙ্ক্ষা আছে আবাহনীর, কিন্তু বাস্তব সম্ভাবনা কমই।
এই আবাহনী ঘরের মাঠের সুবিধাও নিতে পারে না। মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে সত্তর ভাগ বল পজেশন রেখেও ২-০ গোলের হার সেটাই বলছে। তা ছাড়া বেঙ্গালুরুর দ্রুতগতির খেলা আবাহনীকে চাপে ফেলতে পারে। সদ্য শেষ হওয়া আই লিগে বেঙ্গালুরুর অবস্থান পঞ্চম হলেও এএফসি কাপে টানা তিনটি ম্যাচই জিতেছে। আজ জিতলে গ্রুপ সেরা হয়ে পরের পর্ব প্রায় নিশ্চিত। সুতরাং, আজ বেঙ্গালুরু সর্বশক্তি নিয়েই ঝাঁপাতে চাইবে।
দলটির স্প্যানিশ কোচ আলবার্তো রোকা পিউল কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সেটা বলেও দিয়েছেন, ‘আমাদের সামনে গ্রুপ চ্যাম্পিয়নশিপ প্রায় নিশ্চিত করে ফেলার সুযোগ, তাই জেতার সর্বোচ্চ চেষ্টাই করব। ঢাকায় খেলাটা যদিও কঠিন হবে আমাদের জন্য, তবু আমরা জয়ের জন্যই এসেছি।’

বেঙ্গালুরুর দিকেই জয়ের পাল্লা ভারী, তা আবেগ যতই বলে আবাহনী জিতুক। আবাহনীর বিপক্ষে প্রথম ম্যাচে গোল করা সার্বিয়ান ফরোয়ার্ড জারজান জুগাভিচকে হয়তো চোটের কারণে আনা যায়নি, তবে ডিফেন্ডার জুয়ান ও জনসন, মিডফিল্ডার জনকে নিয়ে ঝাঁপাতে তৈরি বেঙ্গালুরু। আক্রমণে আছেন অধিনায়ক সুনীল ছেত্রীর মতো একজন, যিনি হতে পারেন আবাহনীর জন্য বড় বিপদের কারণ।
তাই আবাহনীর ভঙ্গুর রক্ষণের জন্য আরেকটি পরীক্ষাই অপেক্ষা করছে। পাসপোর্ট ও ভিসা সমস্যায় গত দুই ম্যাচ খেলতে ভারতে যেতে না পারা ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফকে আজ পাওয়া যাবে, যা আবাহনীর জন্য একটা ভালো খবরই।
মিডফিল্ডার জোনাথন ডেভিড ও স্ট্রাইকার এমেকাকে নিয়ে আবাহনী আজ তিন বিদেশির দল। তার মানে, ঘরের মাঠে কি আক্রমণাত্মক হওয়ার কোনো চিন্তা আছে? কোচ মামিচ বলছেন, ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করছে তা। ক্রোয়েশিয়ান কোচের জন্য কিছুটা স্বস্তির খবর, ফুটবলারদের ফিটনেস এখন আগের চেয়ে কিছুটা ভালো। তাই ক্ষীণ স্বরে হলেও বলার সাহস দেখালেন, ‘হারতে হারতে আমাদের এমন অবস্থা যে একটা জয় পাওয়া উচিত এখন। ওটা এখন আমাদের দায়।’
জয় বিরাট ব্যাপার, ড্রও কম নয়। কিন্তু মুশকিল হচ্ছে, আবাহনীকে এই এএফসি কাপটা আর রোমাঞ্চিত করে না মোটেও। অধিনায়ক মামুন মিয়া বলছেন, ‘১২ মে টুর্নামেন্ট ফেডারেশন কাপের দিকেই বেশি নজর এখন আমাদের। এএফসি কাপটা বলতে গেলে আমাদের জন্য শেষই।’
তাই বলে ‘হারানোর আর কিছু নেই’ ভেবে মাঠে নামার সুযোগও নেই। এই ম্যাচ জিতলে শেষ দুটি ম্যাচ জেতার জন্য উৎসাহ পাবেন বলছেন মামুন মিয়া। আসলে জেতার ছন্দে থাকাই গুরুত্বপূর্ণ ব্যাপার। বেঙ্গালুরু যেমন নিজেদের টানা ছয়টি ম্যাচ জিতে ঢাকায় এসেছে ফুরফুরে মেজাজে।
দুই দলের পার্থক্যটা এতেই পরিষ্কার। এএফসি কাপটাকে বাড়তি গুরুত্ব দিয়েছে বেঙ্গালুরু। আবাহনী তা দেয়নি। দিলে গতবার দারুণ খেলা ব্রিটিশ প্লে-মেকার লি টাকসহ ১০ জন ফুটবলার বেরিয়ে যান কী করে? আবাহনী ঘুমিয়ে ছিল, ঘুম ভেঙে দেখে দল ফাঁকা। বাধ্য হয়ে তাই কোচ মামিচকে বলতে হলো, ‘এএফসি কাপটা আমাদের জন্য আসলে অনেক বড় কিছু। এখানে খেলতে যে প্রস্তুতিটা দরকার ছিল, সেটা আমাদের ছিল না।’
তাই আজ জয়ের স্বপ্ন থাকলেও অজানা সেই শঙ্কা এসে ঠিকই প্রশ্নটা তুলে দেয়, সুনীল ছেত্রীদের রুখতে পারবে আবাহনী?
এএফসি কাপে দুই দল
আবাহনী...................
আবাহনী ০: ২ মাজিয়া
আবাহনী ১: ৩ মোহনবাগান
আবাহনী ০: ২ বেঙ্গালুরু এফসি
বেঙ্গালুরু এফসি.....................
বেঙ্গালুরু ২: ১ মোহনবাগান
বেঙ্গালুরু ১: ০ মাজিয়া
বেঙ্গালুরু ২: ০ আবাহনী