ছেলেকে 'বিক্রি' করে দিলেন জিদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে বাবার নির্দেশনা শুনছেন এনজো। ফাইল ছবি।
মাঠে বাবার নির্দেশনা শুনছেন এনজো। ফাইল ছবি।

কবে আবার দেখা যাবে এমন দৃশ্য? রিয়ালের সাদা জার্সিটা পরে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন এনজো জিদান। আর ডাগ আউট থেকে একের পর এক নির্দেশনা দিয়ে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তুলছেন জিনেদিন জিদান। অপেক্ষাটা দীর্ঘ হচ্ছে সবার। কারণ, বড় ছেলেকে যে রিয়ালে রাখলেন না জিদান। ক্লাব লা লিগার উঠতি শক্তি আলাভেসে নাম লিখিয়েছেন এনজো!

গত ১ ডিসেম্বরের পর থেকেই স্বপ্ন দেখছিলেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। স্বপ্নের বীজ পোঁতা হয়েছে অর্ধ যুগ আগেই; যখন রিয়ালের যুবদলে এনজো আলো ছড়াতে শুরু করেছিলেন। অনূর্ধ্ব-১৯ দল হয়ে কাস্তিয়াতেও ছড়াচ্ছিলেন আলো। মূল দলের সঙ্গে গত মৌসুমে প্রাক–প্রস্তুতিও সেরেছেন। মাঠে নেমে দু–একটা মুহূর্তেই বুঝিয়ে দিয়েছেন শরীরে তাঁর জিদানের রক্তই বইছে।
তবে সমর্থকদের আশা বাড়িয়ে দিয়েছেন ওই ১ ডিসেম্বর কোপা ডেল রের ম্যাচে। কালচারাল লিওনেসার বিপক্ষে বদলি নামলেন। স্বপ্নের বার্নাব্যুতেই রিয়াল অভিষেক, সেটা স্মরণীয় করে রাখতেই যেন করলেন দুর্দান্ত এক গোল। দুই কাস্তিয়া-সতীর্থ ওডেগার্ড ও মারিয়ানো, সেই সঙ্গে এসেনসিও ও হামেসের সঙ্গে পাসের মায়াজাল সৃষ্টি করলেন। বিভ্রান্ত লিওনেসা রক্ষণকে তছনছ করে দিয়ে করলেন রিয়ালের জার্সিতে প্রথম গোল। অভিষেকেই গোল করার এ কীর্তি ছিল না তাঁর বাবারও।

এনজোকে স্বাগত জানিয়ে টুইট করেছে আলাভেস। ছবি: টুইটার
এনজোকে স্বাগত জানিয়ে টুইট করেছে আলাভেস। ছবি: টুইটার

এমন অভিষেকের পর মূল দলে তাঁকে আবারও দেখার আশা করেছিল সবাই। কিন্তু রিয়ালের মধ্যমাঠে যে হামেস রদ্রিগেজেরও ইদানীং জায়গা হয় না। ইসকোর মতো খেলোয়াড়কেও অপেক্ষায় থাকতে হয়েছে। সে কারণে ধারে চলে গেছেন মিডফিল্ডার ওডেগার্ড। এ মৌসুমে আলাভেসে ধারে যাওয়ার কথা ছিল এনজোরও। এ ক্লাবেই ধারে গিয়ে গত মৌসুমে আলো ছড়িয়েছেন মধ্যমাঠের আরেক খেলোয়াড় মার্কোস ইয়োরন্তে। কিন্তু কালকের ঘোষণাটা বড় চমক হয়েই এসেছে। আলাভেস তাঁদের ওয়েবসাইটে ঘোষণা করেছে, ‘এনজো জিদানকে স্বাগত জানাচ্ছে দেপোর্তিভো আলাভেস। নতুন মৌসুমের জন্য শুভকামনা।’
ইএসপিএন ও স্কাই স্পোর্টসের মতো সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ধারে নয়, তিন বছরের চুক্তিতে আলাভেসের কাছে এনজোকে বিক্রি করেছে রিয়াল। চুক্তিতে অবশ্য ‘বাই ব্যাক ক্লজ’ রাখা হয়েছে। অর্থাৎ এনজো নিজের প্রতিভা দেখাতে পারলেই রিয়াল নিজদের সুবিধামতো তাঁকে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু সে তো ভবিষ্যতের কথা। ২২ বছর বয়সী এনজোকে সাদা জার্সিতে দেখার ইচ্ছে তাই আপাতত দমিয়ে রাখতে হচ্ছে সমর্থকদের। সূত্র : ইএসপিএন, স্কাই স্পোর্টস, ডেইলি মেইল।