ছেলের পায়ে বাবার ঝলক

বলা হয়, আপেল নাকি কখনো গাছ থেকে খুব বেশি দূরে পড়ে না। কথাটার সত্যতা এবার প্রমাণ করল থিও জিদানও। নাম শুনেই বুঝতে পারছেন জিনেদিন জিদানের ছেলে। থিও ফ্রেঞ্চ কিংবদন্তির চার ছেলের মধ্যে তৃতীয়। কিন্তু হঠাৎই ১৪ বছর বয়সী জিদান-পুত্র আলোচনায় দুর্দান্ত এক গোল করে। এমন গোল, দেখে বিস্ময় জাগতে পারে, সিনিয়র জিদানের ফুটবল আর্কাইভ থেকে তুলে আনা ভিডিও নয় তো!
বাবার মতোই অ্যাটাকিং মিডফিল্ডার থিও। খেলে রিয়াল মাদ্রিদের যুবদল ক্যাডেট বি-তে। সেখানেই গত সপ্তাহে এক গোল করল, যার আগে প্রতিটি টাচেই যেন খুঁজে পাওয়া যাচ্ছিল জিদানের ছোঁয়া। মাঝমাঠের একটু ওপরে বল পায় থিও। বল নিয়েই সামনে ছুটতে লাগল। ছোটা বলতে ঠিক চিতার ক্ষিপ্রতা নয়, বলা ভালো, সিনিয়র জিদানের মতো আলস্য মাখা সৌন্দর্যে এগিয়ে চলা। দৌড়ের মধ্যেই গতি না বাড়িয়ে শরীরের মোচড়ে এক ডিফেন্ডারকে পেরিয়েও গেল। এরপর বক্সের বাইরে থেকেই দুর্দান্ত চিপ...প্রতিপক্ষ গোলকিপার যেখানে শুধুই মুগ্ধ দর্শক।
হয়তো তুলনাটা দূরে রাখতেই, বিখ্যাত বাবার নামের জিদান অংশটা অবশ্য ব্যবহার করে না। থিওর পুরো নাম—থিও ফার্নান্দেজ। তবে প্রতিভা দিয়ে ঠিকই আলো কেড়ে চলেছে জিদান-পুত্র। ডেইলি মিরর।