ছেলের 'ভক্ত' রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোকে নিয়ে প্রামাণ্য কাহিনিচিত্র মুক্তি পেয়েছে আগেই। পরশু লন্ডনে সেটির প্রচারণায় ছেলেকে নিয়ে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো  l এএফপি
রোনালদোকে নিয়ে প্রামাণ্য কাহিনিচিত্র মুক্তি পেয়েছে আগেই। পরশু লন্ডনে সেটির প্রচারণায় ছেলেকে নিয়ে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো l এএফপি

পরশু সেলফি-উৎসবই হয়ে গেল লন্ডনে। লাইন ধরে ভক্তরা আসছেন, সবার সঙ্গে হাসিমুখে সেলফি তুলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে প্রামাণ্য কাহিনিচিত্র রোনালদো মুক্তি পেয়েছে দুই দিন আগে। সেটির প্রচারণাতেই লন্ডনে এসেছিলেন ‘সিআর-৭’। এর মধ্যেই ‘স্পেশাল’ একজন ভক্তের সঙ্গে আলাদা করে ছবি তুললেন। পাঁচ বছর বয়সী ওই ভক্ত এসেছিল স্যুট-টাই পরে একেবারে কেতাদুরস্ত হয়ে। বাবাকে দেখতে দেখতে কী ভাবছিল, ‘একদিন আমাকেও এখানে যেতে হবে’!
রোনালদোকে নিয়ে করা প্রামাণ্যচিত্রের একটা বড় অংশজুড়ে আছে ছেলে রোনালদো জুনিয়র। মা কে সেটা তার জানা নেই, জন্মের পর থেকে আপনজন হিসেবে জেনে আসছে বাবা-দাদি-চাচাদের। ছেলের জন্মদাত্রী মায়ের পরিচয়টা রোনালদোও সব সময় গোপন রেখেছেন। তবে মায়ের অভাব বোধ হয় খুব একটা বুঝতেও দিচ্ছেন না। রোনালদোর ইনস্টাগ্রাম-ফেসবুক-টুইটারের বেশির ভাগ ছবিতে ছেলেই সঙ্গী। নিজে নতুন ছবির উদ্বোধনেও ছেলেকে নিয়ে কথা বললেন।
রোনালদো জুনিয়র যে এর মধ্যেই ফুটবলকে ভালোবেসে ফেলেছে, সেটা বাবা আগেই জানিয়েছিলেন। পরশু জানালেন, খেলাটা এর মধ্যে বুঝেও উঠতে শুরু করেছে সে, ‘ক্রিস্টিয়ানো জুনিয়র তার বাবার মতোই ভালো খেলার ভক্ত। সে শুধু লিওনেল মেসিকে নিয়ে কথা বলে না। সে খুবই বুদ্ধিমান, অনেক কিছুই বোঝে।’ কিন্তু বাবার প্রভাব তার মধ্যে কতটুকু? রোনালদো বললেন, ‘আর আমিও তাকে কখনো কোনো ক্লাব বা খেলোয়াড়কে অনুসরণ করতে বলিনি। সে খুবই হাসিখুশি, সে জানে তার বাবা রিয়াল মাদ্রিদে খেলে। অবিশ্বাস্য একজন ছেলে সে।’
ছেলে বাবার পথে হাঁটবে কি না, সেটা সময়েই জানা যাবে। কিন্তু রোনালদো ফুটবল থেকে অবসরের পর কী করবেন? পর্তুগিজ উইঙ্গার শোনালেন ভবিষ্যৎ নিয়ে তাঁর এই মুহূর্তের ভাবনাটা, ‘ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নই। তবে আর যাই হোক, ফিফা সভাপতি হওয়ার মতো আমি তুখোড় নই। আমার মনে হয়, আরও কয়েক বছর আমি ফুটবল খেলতে পারব। তবে সভাপতি হওয়ার চেয়ে আরও অনেক আগ্রহজাগানিয়া জিনিস আমার সামনে আসবে।’ রয়টার্স, এএফপি।