আজারবাইজানের বাকুতে চলমান দাবা অলিম্পিয়াডে আগের রাউন্ডে হেরেছিল বাংলাদেশ পুরুষ দল। উন্মুক্ত বিভাগে পরশু অষ্টম রাউন্ডে নিয়াজ মোরশেদরা ৪-০ পয়েন্টে হারিয়েছেন দক্ষিণ কোরিয়াকে। বাংলাদেশের তুলনায় কোরিয়া অবশ্য দুর্বল দল।
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হারিয়েছেন সেউল কোনকে, যাঁর কোনো ফিদে রেটিংই নেই। আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন হারিয়েছেন ফিদে রেটিংহীন চোন ইয়ংজুনকে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেট মাস্টার ইনগু কিমকে এবং গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ফিদে মাস্টার লি জুন হিউককে হারিয়েছেন। অষ্টম রাউন্ড পর্যন্ত খেলে বাংলাদেশ পুরুষ দলের তিন জয়, এক ড্র। হার চার ম্যাচে।
মহিলা বিভাগে বাংলাদেশ ২.৫-১.৫ পয়েন্টে হেরে গেছে অস্ট্রিয়ার কাছে। শুধু জাকিয়া সুলতানা জিতেছেন, হারিয়েছেন হাপালা এলিজাবেথকে। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ড্র করেছেন মহিলা ফিদে মাস্টার আনা লিনার সঙ্গে। হেরে গেছেন শারমিন সুলতানা ও নাজরানা খান। অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশ মহিলা দল জিতেছে চার ম্যাচে।