ছোটদের নিয়ে জামালের উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ফ্রেমে তিন প্রজন্মের ফুটবলার। সত্তর দশকের সামসুল আলম মঞ্জু ও শেখ আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর মাঝে হাসিমুখে বর্তমান অধিনায়ক মামুনুল ইসলাম। তাঁদের সঙ্গে সেলফি তোলার সুযোগ পেয়ে সেটি হাতছাড়া করল না অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক শাওন হোসেন। কাল শেখ জামাল ক্লাবে l প্রথম আলো
এক ফ্রেমে তিন প্রজন্মের ফুটবলার। সত্তর দশকের সামসুল আলম মঞ্জু ও শেখ আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর মাঝে হাসিমুখে বর্তমান অধিনায়ক মামুনুল ইসলাম। তাঁদের সঙ্গে সেলফি তোলার সুযোগ পেয়ে সেটি হাতছাড়া করল না অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক শাওন হোসেন। কাল শেখ জামাল ক্লাবে l প্রথম আলো

মঞ্চের দুই পাশে দুটি বড় পর্দা। প্রজেক্টরে দেখানো হচ্ছিল সাফল্যের ছবিগুলো। কখনো ঢাকার বঙ্গবন্ধু, কখনো বিশকেকের ডোলেন ওমুরজাকভ স্টেডিয়াম ভেসে উঠছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় শিরোপা পাওয়ার কদিন পর গত সপ্তাহে এএফসি কাপ প্লে-অফের বাছাইপর্ব পেরিয়েছে শেখ জামাল ধানমন্ডি। ক্লাব ভবনে এই সাফল্যের নির্মাতা খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের গতকাল সংবর্ধনা দিয়েছে ক্লাবটি।
শেখ জামাল ক্লাবের পক্ষ থেকে একই সঙ্গে সদ্য সাফ অনূর্ধ্ব-১৬ জয়ী বাংলাদেশ দলকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। শুভেচ্ছার ফুলসহ প্রতিটি খেলোয়াড়কে দেওয়া হয় একটি করে ক্রেস্ট। এই কিশোর ফুটবলারদের প্রত্যেককে ১০ হাজার করে টাকা দিয়েছে আবাসন কোম্পানি ডিবিএল।
সাফল্য পাওয়া দুটি দলের খেলোয়াড়েরা কাল দুপুরে জড়ো হয়েছিল একই ছাদের নিচে। জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামকে কাছে পেয়ে নিপু-শাওনরা ছিল উচ্ছ্বসিত! মামুনুলের সঙ্গে ছবি তোলার ধুমই পড়ে গিয়েছিল রীতিমতো। লিগ চ্যাম্পিয়ন শেখ জামালকে অভিনন্দন জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ক্লাবের খেলোয়াড়দের জন্য একটা উপহারও নিয়ে এসেছিলেন তিনি, সেটি ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের দেওয়া অভিনন্দনপত্র।
ব্ল্যাটারের অভিনন্দনপত্র হাতে নিয়ে গর্বিত মনজুর কাদের বললেন, ‘আমি আমার খেলোয়াড়দের জন্য গর্বিত। ওরা দেশে ও বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ জন্য খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে এটাও বলছি, আগামী মৌসুমে এই দলের অধিকাংশ খেলোয়াড়কেই ধরে রাখতে চাই। আমি এই উইনিং কম্বিনেশন ভাঙতে চাই না।’ কাদেরেরই দেওয়া তথ্য, আইএসএলে সৌরভ গাঙ্গুলীর দল অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে শিগগিরই শিলিগুড়িতে একটি প্রীতি ম্যাচ খেলবে শেখ জামাল।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান ও সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, সাবেক ফুটবলার সামসুল আলম মঞ্জুসহ অনেকেই।