ছোটরাই অনূর্ধ্ব-১৯ দলের প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের সাফ সাফল্য অনূর্ধ্ব-১৯ যুব ফুটবল দলের সামনে বড় এক প্রেরণা। সেটিকে সঙ্গী করেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আজ কাঠমান্ডু যাচ্ছে প্রথম সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে খেলতে। কাকতালীয়ভাবে সিলেটে আজই সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফাইনালে নামছে বাংলাদেশ দল। চেষ্টা করলে কাঠমান্ডুর মঞ্চেও ফাইনাল খেলা সম্ভব—কিশোরদের পারফরম্যান্স যেন যুবাদের এই বার্তাই দিল।
কিন্তু কাঠমান্ডুতে তো ভরা গ্যালারির সমর্থন পাবে না বাংলাদেশ! কোচ সাইফুল বারী অবশ্য অদৃশ্য দর্শক উপস্থিতি কাঠমান্ডুতেও দেখছেন। বাফুফে ভবনে কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘ছেলেদের বলেছি, মনে রাখবে সিলেটের দর্শকেরা আমাদের সঙ্গে আছে, ওরাও খেলবে পরোক্ষে। সুতরাং সিলেট আমাদের জন্য বড় উজ্জীবনী শক্তিও।’
গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালই প্রাথমিক লক্ষ্য। আগামীকাল শুরু টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ভুটানের সঙ্গে, ২২ আগস্ট। এই ম্যাচ জিতলে সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত। ২৪ আগস্ট দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ বয়সভিত্তিক ফুটবলে অনেক উন্নতি করা স্বাগতিক নেপাল। ভারত, মালদ্বীপ ও আফগানিস্তান আছে অন্য গ্রুপে। সেমিফাইনালে ওঠাটাই বাংলাদেশের বড় পরীক্ষা বলে ধরা হচ্ছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানবিহীন টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ২৭ আগস্ট, ফাইনাল ২৯ আগস্ট।
বয়সভিত্তিক টুর্নামেন্ট বলেই ফাইনাল খেলার আশা বাংলাদেশের। চ্যাম্পিয়ন হওয়াও অসম্ভব নয়। বাংলাদেশ অধিনায়ক ও মোহামেডান মিডফিল্ডার মাসুক মিয়ার বিশ্বাস সে রকমই, ‘আমাদের দলটা ভালো। সিলেটে অনূর্ধ্ব-১৬ দল ভালো করেছে, আমরাও পারব। চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চাই।’
বাংলাদেশের এই যুব দলের প্রথম একাদশের আটজনই এবারের প্রিমিয়ার লিগে খেলেছেন। প্রতিযোগিতামূলক ফুটবলের বাতাস তাদের গায়ে লেগেছে এরই মধ্যে। লিগে দৃষ্টিকাড়া মোহামেডান স্ট্রাইকার ইব্রাহিম, রহমতগঞ্জের জার্সি গায়ে ‘সুপার সাব’ মান্নাফ রাব্বি এই দলের বড় শক্তি।
সংবাদ সম্মেলনে তাই আশার কথা শোনালেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়াল ও দলনেতা পটুয়াখালী ডিএফএর সভাপতি আমিনুল হক।