ছোটদের সেই টুর্নামেন্ট হিমাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার তুলে আনতে বয়সভিত্তিক টুর্নামেন্টের বিকল্প নেই। বিলম্বিত সেই উপলব্ধি থেকে অনেক কাঠখড় পুড়িয়ে বছর তিনেক আগে প্রিমিয়ার লিগের দলগুলোর বয়সভিত্তিক টুর্নামেন্ট চালু করেছিল বাফুফে। কিন্তু দুই বছর পরই সেটি চলে গেছে হিমাগারে। টুর্নামেন্টটি গত বছর হয়নি। এবার নতুন মৌসুমেও হওয়ার নিশ্চয়তা নেই।
অথচ এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ক্লাবগুলোর বয়সভিত্তিক দল গঠন এবং টুর্নামেন্ট আয়োজন। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সাম্প্রতিক ভরাডুবি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, খেলোয়াড় উঠে আসার পাইপলাইনটা বন্ধ থাকায় জাতীয় দল পিছিয়ে পড়েছে কতটা।
২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হয়েছিল প্রিমিয়ারের ক্লাবগুলোর প্রথম অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতা। পরেরটি হয় অনূর্ধ্ব-১৮, ২০১৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে। জমজমাট দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।
কিন্তু বাংলাদেশের ফুটবলে ভালো কিছু শুরু হলে সেটির ধারাবাহিকতা যে থাকে না, সেটির বড় উদাহরণ এই টুর্নামেন্ট। গত বছর প্রতিশ্রুত টুর্নামেন্টটি হয়নি শেষ মুহূর্তে ক্লাবগুলো না খেলার গোঁ ধরে বসায়। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের দাবি, ‘দু-একটি বাদে বাকি ক্লাবগুলো না খেলার ব্যাপারে শক্ত অবস্থান নেয়। তারা বলে দীর্ঘ লিগ শেষে আবার বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলা সম্ভব নয়। অনেক খরচ হয়ে গেছে। আগামী বছর চিন্তা করুন।’
এবার ক্লাবগুলো অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী। কিন্তু টুর্নামেন্টটি কখন হবে সেটির কোনো হদিস নেই। ক্লাবগুলোর দায় এড়ানোর সুযোগ এটি। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু গত বছরের উদাহরণ টেনে বলছেন, ‘ফেডারেশন তো গত বছর বয়সভিত্তিক টুর্নামেন্টের জন্য লিগ শেষে আর সময় মেলাতে পারেনি।’ বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ব্রাদার্সের ম্যানেজার আমের খানও, ‘টুর্নামেন্ট হবে কীভাবে? বাফুফের সূচিরই তো ঠিক নেই। ক্লাবকে হঠাৎ বললেই তো খেলা যায় না।’ তবে আসল সত্য হলো, ক্লাবগুলোই নানা অজুহাতে বারবার খেলা পেছানোর দাবি তুলে সব এলোমেলো করে ফেলে। যেমন ‘প্রচেষ্টা’ কদিন আগেও দেখা গেছে।
আর ক্লাবগুলো কোটি টাকায় মূল দল গড়লেও অল্প টাকায় বয়সভিত্তিক দল গড়ার ব্যাপারে অনিচ্ছুক। অথচ উদীয়মান খেলোয়াড়েরা টাকা চায় না, তাদের চাওয়া খেলার সুযোগ পাওয়া। শেখ জামালের মতো ধনাঢ্য ক্লাবও বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলার ব্যাপারে প্রশ্ন তুলেছে এই বলে, টাকা কে দেবে? এতেই বোঝা যায় খেলোয়াড় তৈরিতে ক্লাবগুলোর আগ্রহ কত কম।
প্রথম বয়সভিত্তিক টুর্নামেন্টের জন্য প্রতিটি ক্লাবকে অংশগ্রহণ বাবদ ৫০ হাজার টাকা দিয়েছিল বাফুফে, পরেরবার ৩ লাখ। গতবার ৩ লাখেরও বেশি দেওয়ার দাবি ওঠে ক্লাবের পক্ষ থেকে। বাফুফে টাকা দিতে পারেনি, ক্লাবও আগ্রহ দেখায়নি। ফ্র্যাঞ্চাইজি লিগসহ অনেক বড় বড় আয়োজন নিয়ে তোড়জোড় চলে বাফুফেতে, কিন্তু বয়সভিত্তিক টুর্নামেন্টটা আড়ালে চলে যায়।
বয়সভিত্তিক টুর্নামেন্ট পেশাদার লিগের অন্যতম শর্ত হলেও শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাইলজকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথম দুটি টুর্নামেন্টেই খেলেনি। দলটিকে শাস্তি দেওয়ার সাহসও দেখাতে পারেনি বাফুফে। বয়সভিত্তিক টুর্নামেন্ট না খেললে ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছিল গতবারের বাইলজে। কিন্তু এসব শুধু কাগজেই আছে।
বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাফুফে সহসভাপতি বাদল রায় বললেন, ‘ক্লাব খেলতে চায় না। অথবা ফেডারেশন খেলাতে পারে না। কারণ যা-ই হোক, এভাবে চলতে পারে না। বয়সভিত্তিক টুর্নামেন্ট না হওয়া খুবই হতাশার। এর জন্য সব পক্ষই দায়ী।’
ক্লাবের শুভবুদ্ধির উদয় হবে কবে? ক্লাবকে বাধ্য করার কর্তৃত্ব কবে দেখাতে পারবে বাফুফে?
দুবার হয়েই বন্ধ শীর্ষ ক্লাবগুলোর বয়সভিত্তিক টুর্নামেন্ট।
এবারও হওয়ার নিশ্চয়তা নেই।
ক্লাব দিচ্ছে বাফুফের দোষ, বাফুফের কাঠগড়ায় ক্লাব।