ছোট্ট মেসির মিষ্টি ছবিতে ফেসবুকে ঝড়

তিনি কি দমকল বাহিনীর কর্মী নাকি সেনাবাহিনীর সেনা! মাথায় হেলমেট আছে। পরনের পোশাকটা ঠিক সামরিক উর্দি ঠেকছে না। কাঁধে রাইফেলও নেই। না হলে বলা যেত লিওনেল মেসি সেনাবাহিনীর মানুষ। তবে নাকের নিচে সুতীক্ষ প্রান্তরেখার গোঁফ আর তার নিচে দুষ্টু-মিষ্টি হাসিটাও মানিয়েছে বেশ।
সম্প্রতি মেসির ছোট্টবেলার একটি বিরল ছবি পোস্ট করা হয়েছে তাঁর ফেসবুক পৃষ্ঠায়। ছবির ক্যাপশন: ‘এটাই ছিল মেসির প্রথম পেশা।’ অবশ্য সেই কাজটা কী, তা খোলাসা করা হয়নি। তবে তাঁকে দেখে দমকল বাহিনীর কর্মী বলেই মনে হচ্ছে। ছবিটি কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে তিন লাখ লাইক পেয়েছে। পাঁচ হাজার ৬০০টিরও বেশি মন্তব্য। শেয়ারও করেছেন চার হাজার মানুষ।
অনেকেই জানতে চেয়েছেন ছবিটার ব্যাপারে। ছবিতে মেসির পাশে সেই পরির মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার ব্যাপারেও অনেকের কৌতূহল। মেয়েটা কে, মেসির কী হয়, এসব প্রশ্ন ঘুরে ফিরে এসেছে কমেন্টের বাক্সে। মেয়েটি সেজেছিল চিকিত্সকের বেশে। ধারণা করা হচ্ছে, মেয়েটি হয়তো মেসির বোন। এ যেন যেমন খুশি তেমন সাজোর কোনো প্রতিযোগিতা থেকে তোলা ছবি।
কেউ লিখেছে মেসিকে প্রয়াত কৌতুক অভিনেতা রবিন উইলিয়ামসের মতো লাগছে। কেউ লিখেছে এ যেন মেসির ছেলে থিয়াগোই! কেউ লিখেছে ছবির শিশুটি এখনো এত বড় হয়ে এমন নিষ্পাপই আছে। গোঁফের কারণেই কি না, কেউ কেউ মজা করে লিখেছে হিটলার!
ছবিটি মেসি ফেসবুক পেজে দিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্যে। মেসিকে নিয়ে একটি ই-বুক বানানো হয়েছে। ‘মেসি, চুজ টু বিলিভ’ নামের সেই ই-বুকটি আইফোন কিংবা অ্যান্ড্রয়েডে পড়া যাবে। এই ছবিতে মেসিকে নিয়ে অজানা অনেক তথ্য আর ছবি আছে। ই-বুকটির অর্থ মেসি দান করবেন তাঁর দাতব্য তহবিলে।