ছড়িয়ে পড়লেন 'পেলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ি জীবনের সব স্মারক নিলামে তুলেছিলেন পেলে। এ থেকে ৩০ লাখ পাউন্ড (প্রায় ৩৪ কোটি ৪০ লাখ টাকা) পাওয়ার আশা করেছিলেন। প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া মিলেছে, নিলাম থেকে ৩৬ লাখ পাউন্ড (৪০ কোটি ৮৮ লাখ টাকা) অর্থ সংগ্রহ করেছে নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন।
পরশু ছিল নিলামের শেষ দিন। তিন দিনে ২ হাজারেরও বেশি স্মারক নিলামে উঠেছিল। মূল আকর্ষণ জুলে রিমে ট্রফির রেপ্লিকার মূল্য উঠেছে ৩ লাখ ৯৪ হাজার পাউন্ড (৪ কোটি ৪৭ লাখ টাকা)। অবশ্য এ স্মারক থেকে ৪ কোটি ৭০ লাখ টাকা পাওয়ার আশা করা হচ্ছিল। তবে অন্য স্মারকগুলো হতাশ করেনি নিলামকারীদের। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপের প্রতিটি পদক থেকে ১ লাখ ৪০ হাজার পাউন্ড পাওয়ার আশা করা হয়েছিল। সেখানে ১৯৭০ বিশ্বকাপের পদকই বিক্রি হয়েছে ৩ লাখ ৪৬ হাজার পাউন্ডে (৩ কোটি ৯২ লাখ টাকা)। অন্য দুটি পদক যৌথভাবে বিকিয়েছে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে।
পেলের ১০০০তম গোলের বলটি থেকে মিলেছে ১ লাখ ৬২ হাজার পাউন্ড (১ কোটি ৮৪ লাখ টাকা), অথচ এ বল থেকে মাত্র ৪২ হাজার পাউন্ড পাওয়ার আশা করা হচ্ছিল! নিলামের এমন সাফল্যে উচ্ছ্বসিত পেলে, ‘আশা করি তারা এ স্মারকগুলো যত্ন করবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার গল্প করবে।’ বিবিসি।