বার্সেলোনা মাঠে নামা মানেই সুয়ারেজ-নেইমারের গোল, গত কিছুদিনে মোটামুটি একটা রীতিই হয়ে গেছে। চার ম্যাচ পর এসে সেই ধারায় ছেদ ঘটল, শুধু সুয়ারেজই গোল পেলেন। উড়তে থাকা বার্সেলোনাও লিগে ছয় ম্যাচ পর এই প্রথম পয়েন্ট হারাল। ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেও অবশ্য লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। তবে অ্যাটলেটিকো ২ পয়েন্ট পেছনে থেকে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে।
লুইস এনরিকে একটু বিরক্ত হতেই পারেন। প্রথমার্ধের সুযোগগুলো কাজে লাগাতে পারলে তো ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় না। ভেতরে যা-ই থাক, মুখে অবশ্য অন্য কথাই বললেন বার্সা কোচ, ‘এ রকম কঠিন একটা ম্যাচ খেলার পর দলকে দোষ দেওয়ার কিছু নেই। ম্যাচ তো আমাদের মুঠোতেই ছিল। কিন্তু পুরস্কার আমরা পাইনি। ভ্যালেন্সিয়া খুবই ভালো রক্ষণ করেছে।’ সুয়ারেজের ৫৯ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল বার্সাই, গোলটা অফসাইড কি না সেটি নিয়ে যদিও বিতর্ক উঠেছে। খেলা শেষের চার মিনিট আগে প্রতি-আক্রমণ থেকে দুর্দান্ত এক গোলে মেস্তায়াকে আনন্দে ভাসিয়েছেন সান্তি মিনা। নতুন কোচ গ্যারি নেভিল এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি, তবে দলের ফিরে আসাটা দেখেছেন গ্যালারি থেকেই।
আরেকটা ছোট্ট আফসোসও থাকতে পারে এনরিকের, পুরো খেলায় কোনো খেলোয়াড়েরই বদলি নামাননি। বার্সেলোনায় সর্বশেষ এমন কাজ করেছিলেন লুই ফন গল, নব্বইয়ের দশকে। এএফপি, মার্কা।