ছয় দলের বঙ্গবন্ধু কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরেই বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে বাফুফে। অবস্থা এমন যে, বঙ্গবন্ধু কাপ ‘হচ্ছে’-হবে’ শুনতে শুনতে ফুটবল অঙ্গন এখন এটা নিয়ে নিরাবেগ। টুর্নামেন্ট না হওয়া পর্যন্ত আসলে বলা যাবে না এটি হবেই।
তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল বেশ জোর দিয়েই দাবি করলেন, ‘বঙ্গবন্ধু কাপ আয়োজনের ব্যাপারটা অনেক দূর গুছিয়ে ফেলেছি। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে টুর্নামেন্ট শুরু করতে চাই। বাংলাদেশসহ ছয় দল নিয়ে টুর্নামেন্ট করব, এটাও নিশ্চিত। আমন্ত্রিত দলগুলো সম্মতি জানিয়েছে।’
তাঁর দেওয়া তথ্যমতে, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও লাওস আসছে। তবে কুয়েত-কাতারের দিকে আর হাত বাড়ানো হচ্ছে না। আট দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত খবচের কথা ভেবে টুর্নামেন্টের কলেবর কমানো হচ্ছে।
ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট আয়োজনের ছক কষা হচ্ছে। এক গ্রুপের খেলা হবে ঢাকায়, অন্যটির খেলা সিলেটে হতে পারে। ঢাকার বাইরে ভেন্যু হিসেবে চট্টগ্রামকেও ভাবা হয়েছিল, কিন্তু সেখানে খুব বেশি দর্শক সাড়া মিলবে না ধরে সিলেটকেই প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ দলের প্রীতি ম্যাচ দেখতে দর্শকের ঢল নেমেছিল সিলেট স্টেডিয়ামে। হাজার ত্রিশেক দর্শক গ্যালারিতে ছিলেন, স্টেডিয়ামের ফটক ভেঙে মাঠেও ঢুকে পড়ে কয়েক হাজার মানুষ। সেই দর্শক উন্মাদনাই বঙ্গবন্ধু কাপে সিলেটকে ভেন্যু করতে উদ্বুদ্ধ করছে বাফুফেকে।
এ বিষয়গুলো নিয়ে কাজ করতে কাল শুক্রবার ছুটির দিনেও বাফুফে ভবনে আসেন সালাউদ্দিন। সেখানেই বললেন, ‘আগামী ৯ জানুয়ারি এশিয়ান কাপ শুরু হবে অস্ট্রেলিয়ায়। তার আগে ৫ জানুয়ারি ফাইনাল করতে চাই। দুই গ্রুপের মধ্যে বাংলাদেশের গ্রুপের খেলা সিলেটে আয়োজনের ব্যাপারে অনেকটা এগিয়েছি। সে অনুযায়ীই প্রস্তুতি চলছে।’
এত বড় টুর্নামেন্ট আয়োজনে প্রয়োজনীয় টাকার অঙ্কটাও কম নয়। প্রাথমিক বাজেট ছয় থেকে সাড়ে ছয় কোটি টাকা। সালাউদ্দিনের কথা, ‘টাকা জোগাড় হয়ে যাবে আশা করি।’ দলগুলোর যাতায়াত, থাকা-খাওয়া ও স্থানীয় আতিথেয়তাসহ সব খরচই বাফুফে দিতে চায়। অর্থ পুরস্কারও থাকবে, তবে অঙ্কটা এখনো ঠিক হয়নি।