ছয় প্রশ্নে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ

আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্বব্যাপী সর্বাধিক প্রচারিত এই লিগ গেল মৌসুম থেকেই ‘তারায় তারায় খচিত’। নামজাদা কোচ, অবিশ্বাস্য রকমের দামি খেলোয়াড়, আর ছোট দলগুলোর ‘দৈত্যবধ’-এর শেষ না হওয়া গল্প নিয়ে আবারও শুরু হবে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা লিগ। টিভি-পর্দায় ফুটবল রসে বুঁদ হওয়ার আগে উঠে আসছে বেশ কিছু জিজ্ঞাসা। আসুন, দেখে নিই সে প্রশ্নগুলোর উত্তর মিলে কিনা।

আন্তোনিও কন্তের চাকরি থাকবে তো?
চেলসিতে ফিরে ‘সুখী মানুষ’ হোসে মরিনহো লিগ জিতেছিলেন। পরের মৌসুমেই খেলোয়াড় বিদ্রোহের গ্যাঁড়াকলে চাকরি খুঁইয়েছেন। সে মৌসুমে লেস্টারকে নিয়ে রূপকথা লিখেছিলেন ‘টিংকার-ম্যান’ ক্লদিও রানিয়েরি। পরের মৌসুমের মাঝপথেই হয়েছেন বেকার। আন্তোনিও ‘দ্য গডফাদার’ কন্তের কপালেও কী চিত্রনাট্য লেখা আছে, দেখার বিষয় সেটাই।
কন্তে নিজেই এই মৌসুমকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলেছেন। দলে টেনেছেন আলভারো মোরাতা, টিয়েমো বাকাইয়োকো ও আন্তনিও রুডিগারকে, খরচ করেছেন ১১০.৮ মিলিয়ন ইউরো। যদিও মৌসুম উদ্বোধনী কমিউনিটি শিল্ডে পেনাল্টিতে হেরেছেন নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালের কাছে।

পারবেন ওয়েঙ্গার?
সর্বশেষ এফএ কাপে হারিয়েছেন লিগ চ্যাম্পিয়ন চেলসিকে। জিতেছেন এবারের কমিউনিটি শিল্ডও। কিন্তু আর্সেন ওয়েঙ্গারের নামের সঙ্গে গত কবছর প্রশ্ন একটাই—আর্সেনালকে কি আর কোনো লিগ শিরোপা জেতাতে পারবেন?
১৩ বছর ধরে লিগ জেতেনি গানাররা। ‘বুড়ো প্রফেসর’ এবারে দলে ভিড়িয়েছেন অ্যালেসান্দ্রে লাকাজেতেকে। ফ্রিতে এনেছেন সিড কোলাসিনাচকে। কিন্তু গত ২০ বছরে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ হয়েছেন। যার মাশুলগুনে হারাতে পারেন ক্লাবের সেরা খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজকে। লিগ শিরোপা পেতে ফি বছরের ‘নভেম্বর জুজু’ কাটাতে হবে তাদের।

ইংলিশ লিগ থেকে কতটা শিখলেন গার্দিওলা?
বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখে শিরোপার ফুলঝুরি ছোটানো পেপ প্রথমবার শিরোপা-খরার স্বাদ পেয়েছেন ২০১৬-১৭তে। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগে এবার কি বাজিমাত করবেন?
ইতিহাসের সবচেয়ে দামি রক্ষণ গড়েছেন স্প্যানিশ ‘মায়েস্ত্রো’। বেঞ্জামিন মেন্ডি, কাইল ওয়াকার, বার্নার্ডো সিলভাসহ ৬ খেলোয়াড় কিনতে খরচ করেছেন ২০০ মিলিয়নেরও বেশি। তবে আগুয়েরো, সিলভার ফর্মহীনতা দুশ্চিন্তায় রাখবে ম্যানচেস্টার সিটিকে।

তবে কি মরিনহো?
ওল্ড ট্রাফোর্ডে অম্লমধুর মৌসুম কাটিয়েছেন ‘স্পেশাল ওয়ান’। লিগে ষষ্ঠ হলেও ইউরোপা জিতে রেড ডেভিলদের নিয়ে এসেছেন চ্যাম্পিয়নস লিগে। কাপ শিরোপাও জিতেছেন। কিন্তু লিগ শিরোপা ছাড়া তো ম্যানচেস্টার ইউনাইটেডের আভিজাত্যই ঠিক আসে না।
জলের মতো পয়সা খরচ করেছেন তিনিও। ১৪০ মিলিয়ন বিনিময়ে রোমেলু লুকাকু, মাতিচরা এসেছেন। সঙ্গে আছে মাখিতারিয়ান, মার্শিয়াল, রাশফোর্ডদের মতো তরুণেরা। আর মরিনহোর দ্বিতীয় মৌসুমে লিগ জেতার ইতিহাস তো আছেই! শিরোপার অন্যতম দাবিদার তাই ইউনাইটেড।

লিভারপুলের কান্ডারি ক্লপ?
শেষ করেছিলেন চতুর্থ হয়ে। ক্লাব রেকর্ড ৪৩.৯ মিলিয়নে দলে টেনেছেন মোহামেদ সালাহকে। কিন্তু রক্ষণ যেন লখীন্দরের বাসর। গেল মৌসুমে গোলবন্যায় ভাসিয়েও তাই কোনো শিরোপা আসেনি অ্যানফিল্ডে।
এখন পর্যন্ত থাকছেন কুতিনহো, সঙ্গে যদি ডিফেন্ডার ফন ডাইককে আনতে পারেন সম্ভাবনাটা উজ্জ্বল হয়। তবে পোস্টের নিচে মিনোলেতের বোকামি থেকে গেলে আখেরে লাভ হবে না ‘অল-রেড’দের।

‘একটু’র আক্ষেপেই থাকবে টটেনহাম?
সর্বশেষ দুই মৌসুম ধরে ‘একটু’র জন্য হচ্ছে না টটেনহাম হটস্পার্সের। কোচ মরিসিও পচেত্তিনো দলের যোগ্যতা প্রমাণ করেছেন। মাঝারি দল নিয়েও বারবার শিরোপার খুব কাছে পৌঁছেছে উত্তর লন্ডনের ক্লাবটি। কিন্তু শিরোপা জেতার সেই খুনে মানসিকতা দেখাতে ব্যর্থ হয়েছে দল।
একটাই দুশ্চিন্তা, এখনো দলে আসেনি নতুন কেউ। উল্টো ডিফেন্ডার ওয়াকার পাড়ি জমিয়েছেন সিটিতে। শক্তিবৃদ্ধি না করে কতদূর যাবে স্পার্স, দেখতে হবে সেটাই।
নজর থাকবে লিগে ফিরে আসা নিউক্যাসল ইউনাইটেড কিংবা সাবেক ইউনাইটেড ফরোয়ার্ড চিচারিতো হার্নান্দেজের ওপর। সব মিলিয়ে জমজমাট লিগের প্রতীক্ষায় ঘড়ির কাঁটায় প্রহর গুনছেন ভক্ত-সমর্থকেরা। আর তো মাত্র কয়েক ঘণ্টা বাকি! সূত্র: এএফপি।