ছয় পয়েন্টে এগিয়ে থাকার পরও স্বস্তিতে নেই গার্দিওলা

ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে গার্দিওলার দলছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দল। যদিও নগরপ্রতিদ্বন্দ্বীদের তুড়ি মেরেই উড়িয়ে দিয়েছেন কেভিন ডি ব্রুইনা-রিয়াদ মাহরেজরা। নিজেদের মাঠে হেসেখেলেই গত রাতে ৪-১ গোলের জয় পেয়েছে সিটি। জোড়া গোল পেয়েছেন ডি ব্রুইনা আর রিয়াদ মাহরেজ।


অবশ্য স্কোরলাইন সিটির আধিপত্যকে ঠিকঠাক বোঝাতে পারছে না। রোনালদোহীন ইউনাইটেডকে নাচিয়ে ছেড়েছে সিটি। শেষ ১৫ মিনিটে যেখানে গোলের জন্য দৌড়ানোর কথা ব্রুনো-রাশফোর্ডের, সেখানে গোল করা তো দূর, বলের দখল নিজেদের কাছে রাখতেই পারেনি ইউনাইটেড। শেষদিকে সিটির বলের দখল ছিল ৯২ শতাংশ।

ম্যাচ শেষে আরেকটা তথ্যও সিটিকে তৃপ্তি দেবে, ২৮ ম্যাচের পর ৬৯ পয়েন্ট নিয়ে সবার ওপরই আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ছয় কম।


তাও গার্দিওলা স্বস্তিতে নেই। ছয় পয়েন্টের এই ব্যবধান তাঁর কাছে কিছু বলে মনে হচ্ছে না। তাঁর কাছে মনে হচ্ছে, লিভারপুলের চেয়ে পয়েন্টের দিক দিয়ে সিটির এই আধিপত্য আসল অবস্থার সঠিক প্রতিফলন ঘটাচ্ছে না।

মিথ্যে বলে বলে হচ্ছে, ‘বাকি ১০ ম্যাচে আমরা প্রিমিয়ার লিগ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ যতগুলো পয়েন্ট জোগাড় করা সম্ভব, আমাদের সেটা করতে হবে। আমার মনে হচ্ছে, এই ১০ ম্যাচে অনেক কিছুই হবে, যা শিরোপার লড়াইকে আরও কঠিন করে তুলবে।’


লিভারপুল ছয় পয়েন্টে পিছিয়ে থাকলেও সিটির চেয়ে তারা এক ম্যাচ কম খেলেছে। অর্থাৎ হাতে থাকা ম্যাচটা লিভারপুল জিতলেই পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াবে তিনে। আর বাকি ১০ ম্যাচের মধ্যে সিটি যদি কোনো ম্যাচ হুট করে হেরে যায়? ব্যস, পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে লিভারপুল!

এখনও লিগ নিয়ে সাবধানী গার্দিওলা
ছবি : রয়টার্স

কারণ, পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের হিসাবটা বাঁচিয়ে দেবে অল রেডদের। সিটির গোল ব্যবধান যেখানে ৫০, লিভারপুলের এক বেশি, ‘আমরা এখন ছয় পয়েন্টে এগিয়ে আছি কিন্তু এই অগ্রগামিতার ব্যাপারটা মিথ্যে। কারণ, ওদের হাতে এখনো এক ম্যাচে আছে। আমার স্বপ্ন, মৌসুমের শেষ পর্যন্ত শীর্ষস্থানে থাকা।’


শেষ পাঁচ লিগ ম্যাচের প্রতিটায় লিভারপুল জিতলেও, সিটি হেরেছে এক ম্যাচে। এটাই হয়তো সাবধানী করে তুলছে গার্দিওলাকে!