ছয় বছরেই স্বপ্নের 'আস্তানা'য়
জন্ম ২০০৯ সালে। মাত্র ছয় বছরই হলো বয়স। এই ছোট্ট ‘জীবনে’ একটি ক্লাব কত দূরই বা যেতে পারে? দেশীয় লিগে মাঝারি মানের ক্লাবগুলোর সঙ্গে নিয়ত লড়তে পারে, অবনমন বাঁচােনার লড়াইও চালাতে হতে পারে, বড়জোর চেষ্টা করতে পারে লিগ শীর্ষে পৌঁছানোর! কিন্তু যদি বলা হয়, ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে ক্লাবটি, তাহলে অবাকই হতে হয়।
অবাক করে দেওয়া কাজটিই করেছে কাজাখস্তানের রাজধানী আস্তানার ক্লাব এফসি আস্তানা। প্রথম কাজাখ ক্লাব হিসেবে জায়গা করে নিয়েছে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার প্রতিযোগিতাটিতে। খেলবে বার্সেলোনা-বায়ার্ন-ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে একই মঞ্চে। অথচ ইউনাইটেড যেবার তাদের সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতল, সেই ২০০৮ সালে জন্মই হয়নি আস্তানার!
শুরুর ‘লোকোমোটিভ আস্তানা’ নামটি বদলে যায় ২০১১ সালে। ক্লাবের নীল-হলুদ জার্সিটি কাজাখস্তানের জাতীয় পতাকার রঙের সঙ্গে মিল রেখে। জার্সির এমন রঙের কারণ, ক্লাবটি সরাসরি আর্থিক সহায়তা পায় জাতীয় কল্যাণ তহবিল ‘সামরুক-কাযিনা’ থেকে।
এবারই চ্যাম্পিয়নস লিগে খেলাটা আস্তানার জন্য একেবারে অপ্রত্যাশিতও নয়। এর আগে ২০১৩ ও ২০১৪ সালে ইউরোপা লিগের বাছাইপর্বে খেলা ক্লাবটি খেলতে পারত ২০১০ সালেও। সেবার কাজাখস্তান কাপ জিতেও শুধু ক্লাবের বয়স তিন পূর্ণ না হওয়ায় খেলা হয়নি।
আস্তানা চ্যাম্পিয়নস লিগের বাছাইয়ে খেলার সুযোগ করে নিয়েছে গত মৌসুমেই প্রথম লিগ জিতে। বাছাইয়ের প্রথম দুটি পর্বে হারায় মারিবোর ও হেলসিংকিকে, তারপর তো প্লে-অফের দুই লেগে সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোশিয়াকে হারিয়ে এই স্বপ্নের অর্জন।
গ্রুপ পর্বে যে দলই তাদের বিপক্ষে পড়ুক, ৩০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামের প্রতিটি দর্শকই হয়তো শিশুসুলভ চোখে বড় দলগুলোর দিকে তাকিয়ে থাকবে। সমর্থকেরা সাদরেই বরণ করে নেবে। কিন্তু মঙ্গোলিয়ার উলান-বাটোরের পর বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানী আস্তানা নিশ্চিতভাবেই ‘উষ্ণ’ অভ্যর্থনা জানাবে না অতিথিদের!
আরেকটি তথ্য, চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে পুবে অবস্থান আস্তানার। ছয় বছরেই চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া ক্লাবটির আকাশেও এখন ভোরের সূর্যের হাসি! এএফপি।