ছয় মাস জেল হতে পারে রিয়াল স্ট্রাইকারের

রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার লুকা ইয়োভিচছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমটা ভালো কাটাতে পারেননি লুকা ইয়োভিচ। সার্বিয়ান স্ট্রাইকার এ মৌসুমেও তেমন সুবিধা করতে পারছেন না। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচ খেলে গোল-বঞ্চিত।

চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ শাখতার দোনেৎস্কের বিপক্ষেও সমালোচনা কুড়িয়েছেন তিনি। মাঠের বাইরেও ইয়োভিচের সময়টা একদম ভালো যাচ্ছে না। গত মার্চে করোনা-বিধি ভাঙায় তাঁর ছয় মাসের জেল হতে পারে।

বান্ধবীর জন্মদিনে হাজির হয়ে কোয়ারেন্টিন নিয়ম ভেঙেছিলেন ইয়োভিচ
ছবি: ইনস্টাগ্রাম

২২ বছর বয়সী ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, নিজের দেশে করোনায় স্বাস্থ্যবিধি ভেঙেছেন। সার্বিয়ার সরকারি কৌঁসুলির কার্যালয় ইয়োভিচের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করে তাঁকে ছয় মাস কারাবাসের শাস্তি চেয়েছে। দেশটির সংবাদ সংস্থা ‘তানযুগ’ জানিয়েছে, গত মার্চে স্পেন থেকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ফেরেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার।

নিয়ম অনুযায়ী, তাঁর দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার কথা ছিল। কিন্তু নিয়ম ভেঙে বান্ধবীর জন্মদিনে হাজির হয়েছিলেন ইয়োভিচ। রাস্তায় ঘুরে বেড়ান দুজন। এ নিয়ে তখন সার্বিয়ার প্রেসিডেন্ট থেকে ফুঁসে উঠেছিল গোটা দেশ। সার্বিয়ান সংবাদমাধ্যম ‘আরটিএস’ জানিয়েছে, দেশটিতে করোনা প্রতিরোধে জরুরি অবস্থা জারির প্রথম সপ্তাহেই ইয়োভিচের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা হয়।

সংবাদমাধ্যমটি জানায়, ইয়োভিচের বিরুদ্ধে সেই অভিযোগ গঠনের পর বলা হয়েছিল ৩ মিলিয়ন দিনার জরিমানা দিলে তিনি সেটি থেকে মুক্তি পাবেন। কিন্তু সেটি পাত্তাই দেননি রিয়াল মাদ্রিদ তারকা। এ কারণেই সরকারি কৌঁসুলিরা এখন তাঁর ৬ মাসের কারাবাস চাচ্ছেন।

ইয়োভিচ অবশ্য তখন অবশ্য ক্ষমা চেয়েছিলেন। সার্বিয়ান আইন অনুযায়ী, ইয়োভিচের বিরুদ্ধে গঠনকৃত অভিযোগ আদালতে আনুষ্ঠানিকভাবে জমা দিতে হবে কৌঁসুলিদের। সার্বিয়ান প্রধানমন্ত্রী আনা ব্রানাবিচ তখন কঠোর সমালোচনা করেছিলেন রিয়াল তারকার, ‘মিলিয়ন ডলার আয় করা ফুটবল তারকার কাছ থেকে আমরা নেতিবাচক এক নিদর্শন দেখলাম। ক্রীড়া তারকা এবং ধনী হলেও তারা শাস্তি থেকে রেহাই পাবে না। হয় তারা আইনকে সম্মান করবে নয় তো জেলে যাবে।’