ছয় মাস পর খেললেন ফ্যালকাও

যে কাজটি করতে ভালোবাসেন, সেটা করতে পারছেন না। সেটাও এক-দুই দিন নয়, ১৯০ ধরে! ভাবুন তো একবার! সেই অসহ্য যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি মিলল রাদামেল ফ্যালকাওয়ের। ছয় মাস পর আজ মাঠে ফিরেছেন তিনি। লন্ডনে ভ্যালেন্সিয়ার বিপক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে মনাকোর হয়ে মাঠে নেমেছিলেন এই কলম্বিয়ান তারকা।
খেলা শেষের ১৮ মিনিট আগে দিমিতার বারবেতভের বদলি হিসেবে নামেন ফ্যালকাও। অবশ্য গোলে কোনো শট নিতে পারেননি। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। ২২ জানুয়ারির পর এই প্রথম খেললেন এই ফরোয়ার্ড। সেদিন ফ্রেঞ্চ কাপের একটি ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পান। যে চোট তাঁকে বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়।
বিশ্বকাপে খেলতে না-পারার আক্ষেপ ফ্যালকাওয়ের হয়তো আরও বেড়েছে। তাঁকে না পেয়েও হামেস রদ্রিগেজে ভর করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল কলম্বিয়া। ফ্যালকাও থাকলে আরও কত দূর যেতে পারত, কে জানে।
সব হতাশা ও আক্ষেপ পেছনে ফেলে ফ্যালকাও এখন তাকাচ্ছেন সামনের দিকে। এমনও শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদের হয়ে আবারও মাদ্রিদে ফিরতে পারেন অ্যাটলেটিকোর এই সাবেক তারকা। এএফপি।