ছয় সপ্তাহে চার কোচ
সময়ের ব্যাপ্তি ছয় সপ্তাহ। এর মধ্যেই তিনবার কোচ বদল! চতুর্থ কোচ হিসেবে পরশু স্লাভিসা জোকানোভিচের নাম ঘোষণা করে এই ‘কীর্তি’ গড়েছে দ্বিতীয় সারির ইংলিশ দল ওয়াটফোর্ড। আর এতে করে সার্বিয়ান জোকানোভিচের পূর্বসূরি বিলি ম্যাককিনলেকে চাকরি হারাতে হয়েছে নিয়োগ পাওয়ার মাত্র আট দিনের মাথায়!
ম্যাককিনলের অধীনে দুটি ম্যাচের একটিতেও হারেনি ওয়াটফোর্ড। একটি জিতেছে, ড্র করেছে আরেকটিতে। তবু তাঁকে সরিয়ে দেওয়ার ‘কারণ’ হিসেবে ক্লাবের ওয়েবসাইটে দলের দীর্ঘমেয়াদি স্বার্থকে বড় করে দেখার কথা বলা হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে নিয়োগ পাওয়া অস্কার গার্সিয়া সে মাসেরই শেষে স্বাস্থ্যগত কারণে সরে দাঁড়ালে নিয়োগ পেয়েছিলেন স্কটিশ ম্যাককিনলে। এর আগে পাঁচ ম্যাচ পর ড্রেসিংরুমে অসন্তোষের জের ধরে পদত্যাগ করেছিলেন জিউসেপ্পে সানিনো। রয়টার্স।
ইংলিশ ফুটবলে সবচেয়ে কম সময়ের কোচ
লেরয় রোজেনিয়র টরকে ইউনাইটেড (২০০৭) ১০ মিনিট
বিল ল্যাম্বটন স্ক্যানথর্প ইউনাইটেড (১৯৫৯) ৩ দিন
ডেভ বাসেট ক্রিস্টাল প্যালেস (১৯৮৪) ৪ দিন
কেভিন কিউলিস সোয়ানসি সিটি (১৯৯৬) ৭ দিন
জ্যাক ক্রম্পটন লুটন টাউন (১৯৬২) ৭ দিন
বিলি ম্যাককিনলে ওয়াটফোর্ড (২০১৪) ৮ দিন