ছয়ে চারের সামনে মেসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল উয়েফা সুপার কাপে নামছেন মেসিরা। ছবি: রয়টার্স
আগামীকাল উয়েফা সুপার কাপে নামছেন মেসিরা। ছবি: রয়টার্স

বন্ধু যে পথ ধরে হেঁটেছেন, সেই পথই অনুসরণ করছেন লুইস এনরিকে। পেপ গার্দিওলা বার্সেলোনার দায়িত্ব নিয়েই জিতিয়েছিলেন ট্রেবল। শিরোপাত্রয়ী এনে দিয়েছেন এনরিকেও। গার্দিওলা সেখানেই না থেকে এক বছরে ছয়-ছয়টি শিরোপা জেতার কীর্তি গড়েছিলেন। ক্লাব ইতিহাসে যে কীর্তি আর কারও নেই। গার্দিওলার সেই কীর্তি ছোঁয়া থেকে অল্প কিছু পথ বাকি ‘লুসো’র।
২০১৫ সালে জেতা শিরোপার সংখ্যা আগামীকালই ‘চার’-এ নিয়ে যেতে পারেন মেসিরা। গত মে মাসে বার্সেলোনা জিতেছে স্প্যানিশ লিগ ও কোপা ডেল রে। জুনে চ্যাম্পিয়নস লিগ। এই তিন শিরোপার সূত্রে আরও তিনটি প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে বার্সা। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হয় উয়েফা সুপার লিগের একমাত্র ম্যাচে। জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে আগামীকাল সেই ম্যাচে সেভিয়ার বিপক্ষে খেলবে বার্সা।
চার নম্বর শিরোপা বার্সা জিতবেই জোর দিয়ে বলতে পারছে না। ২০০৬ সালের উয়েফা সুপার কাপেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার সেভিয়ার কাছে ৩-০ গোলে হেরে গিয়েছিল ফ্রাঙ্ক রাইকার্ডের দল। বার্সায় রাইকার্ড-যুগ শেষের শুরু সেখান থেকেই। সেই ম্যাচের প্রথম একাদশে খেলা লিওনেল মেসিই কেবল আছে এই দলে। আরেকজন থাকবেন, দানি আলভেস। সেই ম্যাচের সেরা খেলোয়াড় আলভেস অবশ্য তখন ছিলেন সেভিয়ারই। সেই ম্যাচে বদলি হিসেবে নামা ইনিয়েস্তাও আছেন এই দলে।
উয়েফা সুপার কাপের ইতিহাসে এই প্রথম দ্বিতীয়বারের মতো দুই দলের আবারও মুখোমুখি হওয়ার ঘটনা ঘটছে। এমনিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বার্সা বিস্তর ব্যবধানে এগিয়ে। ২৮বারের দেখাতে ১৭বারই জিতেছে বার্সা, সেভিয়া পাঁচবার। তবে প্রাক-মৌসুমে বার্সার খোঁড়ানো আশা দেখাতে পারে সেভিয়াকে। পাঁচ ম্যাচের তিনটাতেই হেরেছে বার্সা। অবশ্য একাদশে মেসি-নেইমার ফিরতেই বার্সার চেহারা বদলে গিয়েছিল। হোয়ান গাম্পার ট্রফিতে রোমাকে দাঁড়াতেই দেয়নি তারা। ​​যদিও আগামীকাল নেইমার খেলবেন না অসুস্থতার কারণে। একাদশে থাকছেন পেদ্রো, খুব সম্ভবত শেষবারের মতো বার্সার জার্সি গায়ে খেলতে নামবেন এই ফরোয়ার্ড।
২০০৮-০৯ মৌসুমে যে ছয়টি প্রতিযোগিতায় বার্সা খেলেছিল, এর প্রত্যেকটিতে গোল করেছিলেন। ছয় ক্লাব প্রতিযোগিতার সবগুলোতে গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড় ছিলেন পেদ্রো (পরে মেসিও এই কীর্তি ছোঁন)।
উয়েফা সুপার কাপের পর বার্সা খেলবে স্প্যানিশ সুপার কাপ। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে দুই লেগের ম্যাচ দুটি ১৪ ও ১৭ আগস্ট। এই দুটো সুপার কাপ শিরোপা জিতলে ২০১৫ সালে বার্সার ট্রফি সংখ্যা হয়ে যাবে পাঁচটি। এর পর এ বছরের শেষে ক্লাব বিশ্বকাপ। সেখানে সেমিফাইনাল আর ফাইনাল জিতলেই ছয়ে-ছয়!