‘জঘন্য খেলেন’ বলায় খেপেছেন স্পেনের খেলোয়াড়েরা
এবারের ইউরোতে স্পেন কেমন খেলছে? এই প্রশ্নের একটা উত্তর দিয়েছেন রাফায়েল ফন ডার ভার্ট। সাবেক ডাচ মিডফিল্ডারের চোখে ইউরোর স্পেন জঘন্য। এতটাই বাজে খেলছে যে স্পেন যদি গ্রুপ পর্ব পার হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়, তবে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে স্পেনকেই চাইবেন তিনি।
আজ রাতেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে খেলবে দলটি। এই ম্যাচে দাপুটে জয় দিয়েই ফন ডার ভার্টের এমন সমালোচনার জবাব মাঠে দিতে পারত স্পেন। কিন্তু স্পেনের খেলোয়াড়দের অত তর সইল না। কথার জবাব কথাতেই দিয়েছেন। ফন ডার ভার্টকে রীতিমতো অপমান করতে নেমে গেছেন দুই মিডফিল্ডার কোকে ও সের্হিও বুসকেতস। রেগেমেগে অতীত ব্যর্থতার কথাও মনে করিয়ে দিয়েছেন কোকে।
দুর্দান্ত ফুটবল খেলছে নেদারল্যান্ডস। ‘সি’ গ্রুপে তিন ম্যাচের সব কটিই জিতে চলে গেছে শেষ ষোলোতে। প্রাণবন্ত, গতিময় ফুটবল খেলছে দলটি। ডাচ টিভি চ্যানেল এনওএসে এসে নিজের দেশের খেলা নিয়ে কথা বলা ফন ডার ভার্টের কাছে স্পেনের ব্যাপারেও জানতে চাওয়া হয়েছিল।
পোল্যান্ডের বিপক্ষে স্পেনের দ্বিতীয় ম্যাচ শেষে হওয়া সে অনুষ্ঠানে নিজের মত জানাতে কোনো রাখঢাক করেননি ফন ডার ভার্ট। নেদারল্যান্ডের উল্টো দশা স্পেনের। গ্রুপ ‘ই’তে দুই ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট পেয়েছে স্পেন। দুই ম্যাচ থেকে গোল করতে পেরেছে একটি। শুধু যে গোল করতে ব্যর্থ হয়েছে দলটি, তা নয়, খেলা দিয়ে সন্তুষ্ট করতে পারেনি কাউকে। উদ্দেশ্যহীন পাস আর ধীরগতির ফুটবলে সাধারণ দর্শক থেকে বিশ্লেষক—সবাইকে এক কাতারে নিয়ে এসেছে স্পেন।
ডাচ মিডফিল্ডার স্পেন দলের বর্ণনায় বলেছেন, ‘স্পেন দল জঘন্য। আশা করি ওদের পাব আমরা।’ স্পেন যদি আজ নিজেদের ম্যাচ ড্র করে গ্রুপে তৃতীয় হয়, সে ক্ষেত্রে ডাচ মিডফিল্ডারের ইচ্ছা পূরণ হবে। কারণ, এখন পর্যন্ত ছয় গ্রুপের তৃতীয় দলগুলোর যে অবস্থা, তাতে ‘ই’ গ্রুপের তৃতীয় দল হিসেবে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে পারে স্পেন।
ফন ডার ভার্টের স্পেন নিয়ে কটূক্তি অবশ্য ওখানেই থামেনি। সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় এটাও বলেছেন, এই স্পেন দলে ‘পার্থক্য সৃষ্টি’ করার মতো কোনো খেলোয়াড় নেই।
এবারের ইউরোতে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে দলে নেননি কোচ লুইস এনরিকে। এ কারণে সাবেক রিয়াল খেলোয়াড়ের কথার জবাব দিতে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের দুজন খেলোয়াড়ই এগিয়ে এসেছেন। গত সোমবার স্প্যানিশ রেডিওর সঙ্গে কথোপকথনে ফন ডার ভার্টকে বিশ্বকাপ না জেতার খোঁচা দিয়েছেন কোকে। আতলেতিকোর এই মিডফিল্ডার বলেছেন, ‘ফন ডার ভার্ট আলোচনায় আসতে চাইছেন এবং সেটা পেয়েছেন। আমি তাঁকে বিশ্বকাপ ফাইনালে দেখেছি। লা রোজাতে নেদারল্যান্ডসের (২০১০ বিশ্বকাপ ফাইনালে) বিপক্ষে আন্দ্রেস ইনিয়েস্তার সে গোলের ছবি আছে। ওখানে ইনিয়েস্তার পাশেই তাঁকে (ডার ভার্ট) দেখা যায়। তাঁকে সম্মান করতেই হবে।’
কোকে বলেছেন, ডাচ সাবেক ফুটবলারের কথায় তাঁরা তেতে উঠেছেন এবং নেদারল্যান্ডসকে পেলে তাঁরা সুদে–আসলে এই সমালচনার জবাব দেবেন, ‘এ কথাগুলো থেকে আমরা অনুপ্রেরণা নেব। ড্রেসিংরুমে টাঙিয়ে হয়তো রাখব না। কিন্তু ওদের সঙ্গে খেলতে হলে এটা আমাদের স্মৃতিতে থাকবে।’
কোকের এই ঘোষণার পরদিনই, অর্থাৎ মঙ্গলবার কড়া জবাব দিয়েছেন বুসকেতসও। এই ইউরোতে সের্হিও রামোসের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পেয়েছিলেন এই বার্সেলোনা মিডফিল্ডার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে ফিরে এসেই ফন ডার ভার্টের কথার তির হজম করতে পারেননি। মিডিয়াসেটকে বুসকেতস বলেছেন, ‘আপনি যখন এমন বিশেষণ (জঘন্য) ব্যবহার করেন, তখন আপনার কথা মূল্য হারায়। আমি বুঝতে পারছি না, আলোচনায় আসার জন্য তাঁর মতো সাবেক খেলোয়াড় এভাবে কথা বলছেন।’