জনস্রোতই জয়ের টনিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাল্টি রুখে দিয়ে নায়ক গোলরক্ষক ফয়সাল। ম্যাচ শেষে তাকে কাঁধে তুলেই হলো আনন্দ উৎ​সব l প্রথম আলো
পেনাল্টি রুখে দিয়ে নায়ক গোলরক্ষক ফয়সাল। ম্যাচ শেষে তাকে কাঁধে তুলেই হলো আনন্দ উৎ​সব l প্রথম আলো

‘টিকিটের সংকট কেন, প্রশাসন জবাব চাই’—রীতিমতো লাল কালিতে প্ল্যাকার্ড বানিয়ে বিক্ষোভ মিছিল! ফাইনালের টিকিটবঞ্চিত কয়েক হাজার বিক্ষুব্ধ দর্শককে সামলাতে হিমশিম পুলিশ। প্রায় ২০ হাজারের মতো দর্শক গ্যালারিতে বসার সুযোগ পেয়েছে, প্রায় একই পরিমাণ দর্শক থাকল মাঠের বাইরে!
স্টেডিয়ামের দর্শকেরা ‘বাংলাদেশ বাংলাদেশ’ আওয়াজ শুরু করলে বাইরের দর্শকেরাও তাতে গলা মেলায়। আবার স্টেডিয়ামের দর্শকেরা যখন নিশ্চুপ, বাইরের পরিস্থিতিও তখন শান্ত। স্টেডিয়ামের ভেতরে-বাইরে যেন এ এক অপূর্ব মেলবন্ধন। ঘরে বসে টিভির পর্দায় চোখ রাখা দর্শকেরাও বাঁধা পড়ল এ বন্ধনে। সব মিলিয়ে খেলা শেষ হওয়ার পরপরই ঘরের বাইরে বেরিয়ে পড়ল হাজারো মানুষ। স্টেডিয়ামভর্তি দর্শকও নামল রাস্তায়। জাতীয় পতাকা হাতে শুরু হলো বিজয় মিছিল।
সন্ধ্যার আকাশ তাই প্রকম্পিত। নগরের পাড়া-মহল্লা থেকে বের হওয়া আনন্দ মিছিল দেখে মনে হচ্ছিল, এ তো জনস্রোত! ফুটবলের জন্য এমন পাগলপারা ভালোবাসা সত্যিই অনন্য এক ছবি। গত বছর এই আগস্টেই বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচে তো সিলেট স্টেডিয়ামের ফটক ভেঙে মাঠে ঢুকে পড়েছিল কয়েক হাজার মানুষ। কাল ফটক ভাঙেনি, তবে সংখ্যার বিচারে এদিন দর্শক আরও অনেক বেশি। এত দিন ক্রিকেটে বিজয়ে আনন্দ মিছিল হতে দেখা গেছে, ফুটবলে বিজয়েও এমন মিছিলের দৃশ্য কল্পনার অতীতই ছিল। ফুটবলপ্রেমীদের এই ভালো লাগা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে না হয়তো, তবে দেশের মানুষের অন্তরে ঠাঁই করে নেবেই।
স্টেডিয়ামভর্তি দর্শক কাল যেভাবে মুহুমুর্হু স্লোগানে বাংলাদেশ দলকে সমর্থন জানাল, সেটি অবিশ্বাস্য। অনূর্ধ্ব-১৬ দলের খেলায় এমন দর্শক সমাগম অপ্রত্যাশিত ছিল খোদ আয়োজকদের কাছেই। বিকেল পাঁচটায় খেলা শুরু, অথচ সাড়ে তিনটার মধ্যেই গ্যালারি টইটম্বুর! কোথাও ছিল না তিল ধারণের ঠাঁই। স্টেডিয়াম-সংলগ্ন বাসা ও বিপণিবিতানের ছাদে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে স্টেডিয়ামের পাশের সুউচ্চ পানির ট্যাংক বা গাছে চড়ে যেভাবে দর্শকেরা খেলা উপভোগে মেতে উঠল, করতালি প্রাপ্যই এই দর্শকদের।
ফুটবলের প্রতি জনতার এমন গভীর ভালোবাসায় আবেগে আপ্লুত সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম। হাজারো দর্শক দেখে তাঁর কণ্ঠে বিস্ময়, ‘এত এত দর্শক। এত এত মানুষ! এবারও প্রমাণ হলো সিলেটের মানুষ কতটা ফুটবলপ্রেমী। দর্শকদের এই ভালোবাসার ঋণ শোধ করার কোনো ক্ষমতাই আমাদের নেই। আমরা আবেগে আপ্লুত।’ খেলা শেষে বাংলাদেশ দলের কোচ-অধিনায়কও উৎফুল্ল। দুজনের কাছেই এত দর্শকের সামনে খেলাটা ভাগ্যের ব্যাপার!
সিলেটের দর্শকদের এ রূপ বড়ই অদ্ভুত, বড়ই সুন্দর। চোখে না দেখলে তা অনুভব করা একটু কঠিনই বটে।