জন্মদিনে মেটাটারসাল চাইলেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনের অনুষ্ঠানে পুত্রসহ নেইমার। সংগৃহীত ছবি
জন্মদিনের অনুষ্ঠানে পুত্রসহ নেইমার। সংগৃহীত ছবি

চোটের কারণে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার। টানা দ্বিতীয় বছর এভাবে চোটে পড়ায় মন মেজাজ ভালো নেই তাঁর। এমন অবস্থাতেই হাজির জন্মদিন। বছরের এমন দিনে তো আর মুখ বেজার করে থাকা যায় না। ২৭তম জন্মদিনটা বেশ ঘটা করেই পালন করেছেন নেইমার। কিন্তু জন্মদিন পালন করার ফাঁকেও মনের কথা জানিয়েছেন সবার কাছে। বারবার এভাবে চোটের শিকার হয়ে মাঠের বাইরে যে থাকতে ভালো লাগছে না তাঁর।

জন্মদিনের জন্য লাল রংকে থিম মেনেছেন নেইমার। লাল স্যুট পরিহিত নেইমারকে সঙ্গ দিয়েছেন তাঁর বন্ধু সঙ্গীরা। কিছু কিছু সূত্র জানিয়েছে ২০০ অতিথি হাজির হয়েছিলেন নেইমারের সঙ্গে জন্মদিন পালন করতে। ডিজের তালে তারা নেচেছেন, গেয়েছেন, মজা করেছেন। মঞ্চে ডিজের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন নেইমারও। সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও দানি আলভেজের সঙ্গে গানের তালে নেচেছেনও ক্রাচ নিয়ে। শুনে মনে হতেই পারে বেশ ফুর্তিতেই কাটছে তাঁর সময়।

কিন্তু তাঁর অনুপস্থিতিতে পিএসজির চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন যে ধাক্কা খেয়েছে আবার। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোতে মুখোমুখি প্যারিসের ক্লাবটি। দলের বিপদের সময় আবারও চোটে পড়া সহ্য হচ্ছে না নেইমারের। অনুষ্ঠানের আনন্দের মাঝেও এ নিয়ে দুঃখ করেছেন। কান্নাভেজা চোখে দুঃখ করেছেন, ‘আজ জন্মদিনে উপহার হিসেবে যেটা সবচেয়ে বেশি চাচ্ছি, সেটা হলো একটা নতুন মেটাটারসাল। এতে আমি মাঠে লড়তে পারব এবং যা করতে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা অর্থাৎ ফুটবল খেলতে পারব।’

মেটাটারসালে চোট পেয়ে গতবার ৩ মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। এবারও আড়াই মাস মাঠের বাইরে থাকবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এভাবে বারবার চোটের শিকার হয়ে ক্লান্ত নেইমার। তবে সতীর্থদের কাছে কৃতজ্ঞ এমন সময়ে তাঁকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার জন্য, ‘সারাক্ষণ এভাবে ক্রাচ নিয়ে থাকা খুব কঠিন। সব অ্যাথলেট জানে কতটা কঠিন এটা। যত দ্রুত সম্ভব ফিরে আসার জন্য সতীর্থরা আমাকে প্রয়োজনীয় সব শক্তি দিচ্ছে।’