জন্মদিনে রয়েসের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান মিডফিল্ডারের ২৭তম জন্মদিন ছিল গতকাল। কিন্তু জন্মদিনে যে ‘পুরস্কার’ পেলেন রয়েস, কোনো ফুটবলারের জন্য এর চেয়ে জঘন্য কিছু আর হতে পারে না। ২০১৬ ইউরোর জন্য দল ঘোষণার শেষ দিনে কাল দল দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। জোয়াকিম লোর ঘোষিত সেই ২৩ জনের দলে জায়গা হলো না রয়েসের।
অথচ প্রাথমিক দলেও তিনি ছিলেন। দলের সঙ্গে গেছেন সুইজারল্যান্ডের আসকোনায় প্রস্তুতি ক্যাম্পেও। কিন্তু ফিরতে হলো হতাশা নিয়ে। কারণ? চোট! জার্মান কোচ লো অবশ্য চোটের ধরন পরিষ্কার করেননি, ‘ও চোট নিয়ে বেশ ভুগছে। কয়েক সপ্তাহব্যাপী এমন ক্লান্তিকর টুর্নামেন্টে ও টিকে থাকে পারবে কি না, এ ব্যাপারে চিকিৎসকেরা সন্দিহান। আমার জন্য অনেক তিক্ত একটা সিদ্ধান্ত এটি, মার্কোর জন্যও।’
পুরো ব্যাপারটা যেন ‘দেজা ভ্যু’ হয়ে দেখা দিল। ২০১৪ বিশ্বকাপেও রয়েস ছিলেন জার্মানির প্রাথমিক দলে, টুর্নামেন্ট শুরুর ঠিক আগে সেবারও চোটের কারণে বাদ পড়েছিলেন রয়েস।
রয়েসের বাদ পড়া ছাড়া জার্মান দলে অবশ্য চমক তেমন নেই। গত মার্চের পর থেকে চোটের কারণে মাঠে নামতে না পারা বাস্তিয়ান শোয়েনস্টেইগার ফিরেছেন দলে, এর বাইরে মুলার-নয়্যার-খেদিরা-ওজিলদের সবাই আছেন।
১০ জুন থেকে ফ্রান্সে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে বড় চমক থাকছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন দলেও। কোচ ভিসেন্তে দেল বস্ক দলে রাখেননি হুয়ান মাতা, ইসকো ও চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা অ্যাটলেটিকো মিডফিল্ডার সল নিগেজকে। চোটের কারণে বাদ পড়েছেন রাইট ব্যাক দানি কারভাহালও। রিয়াল রাইট ব্যাকের বদলে দলে এসেছেন আর্সেনালের হেক্টর বেয়েরিন। দল ঘোষণার পর দেল বস্ক বলেছেন, ‘বাদ পড়া সবার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। সবাই আমার কাছে মূল্যবান, তবে আমি দলে তো ২৩ জনকেই মাত্র নিতে পারি। ওরা এই ব্যাপারটা বোঝে।’
ইংল্যান্ডের ২৩ সদস্যের দলে অবশ্য ‘তারকা-নীতি’ বেছে নিয়েছেন কোচ রয় হজসন। চোটের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছেন স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ। এ ছাড়া রুনি-কেন-ভার্ডি-হেন্ডারসনদের মতো পরিচিত সবাই তো আছেনই, দলে জায়গা করে নিয়েছেন মাত্রই ফেব্রুয়ারিতে প্রথম সিনিয়র ফুটবলের স্বাদ পাওয়া তরুণ মার্কাস রাশফোর্ডও। গার্ডিয়ান।