জন্মদিনে 'ফাঁদে' নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার ও কার্লোস তেভেজ—তিনজনেরই জন্মদিন ছিল পরশু। এই শুভদিনে ছেলেকে নিয়ে কেক কাটলেন রোনালদো, স্ত্রীকে নিয়ে তেভেজ। নেইমার জ্বালালেন মোমবাতি l ফেসবুক/টুইটার
ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার ও কার্লোস তেভেজ—তিনজনেরই জন্মদিন ছিল পরশু। এই শুভদিনে ছেলেকে নিয়ে কেক কাটলেন রোনালদো, স্ত্রীকে নিয়ে তেভেজ। নেইমার জ্বালালেন মোমবাতি l ফেসবুক/টুইটার

কী ঘটতে চলেছে সেটি ঘুণাক্ষরেও টের পাননি নেইমার। তাঁকে ঘিরে কী ‘চক্রান্ত’ করছিলেন ক্লাব ও জাতীয় দল সতীর্থ রাফিনহা, কোনো ধারণাই ছিল না ব্রাজিল অধিনায়কের। তা-ও আবার কিনা জন্মদিনে!
গত পরশু ছিল নেইমারের ২৪তম জন্মদিন। মাত্রই অনুশীলন শেষ করে ড্রেসিংরুমে এসে নিজের চেয়ারটিতে বসেছিলেন বার্সা ফরোয়ার্ড। এমন সময়ে রাফিনহা এলেন তাঁর সঙ্গে কথা বলতে। হাত পেছনে, একটি কেক লুকোনো। কথা বলতে বলতে হঠাৎই নেইমারের মুখে কেকের ক্রিমে মাখিয়ে দিয়েই এমন ভোঁ-দৌড় দিলেন রাফিনহা, তাঁকে আর ধরে কে! বেচারা নেইমার তা-ও একবার চেষ্টা করলেন। পায়ে হালকা ব্যথা ছিল, সেটি নিয়েই ড্রেসিংরুমের এ মাথা থেকে ও মাথা দৌড়ালেন। কিন্তু রাফিনহার টিকিটির নাগালও পেলেন না। পুরো বিষয়টা যে নিছকই মজার সেটি অবশ্য না বলে দিলেও চলছে।
তবে নেইমারের ‘দুর্দশা’র তখনো শেষ হয়নি। আগেই পরিকল্পনা করে পুরো দৃশ্যটা ভিডিও করে রেখেছিলেন রাফিনহা। পরে সেটি ছড়িয়ে দিলেন টুইটারে। সঙ্গে অবশ্য জুড়ে দিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা—‘আজ তোমার জন্মদিন! বিশ্বের সব সুখ তোমার হোক, এই কামনাই করছি। এভাবে আনন্দ নিয়েই বেঁচে থাকো। এই ভিডিওটা আমাদের বন্ধুত্বের নিদর্শন। অনেক ভালোবাসি তোমাকে। শুভ জন্মদিন!’
জন্মদিনে এর চেয়ে মজার শুভেচ্ছা কি পেয়েছেন নেইমার? গোলডটকম।