জবাব দিলেন পগবা

গোলটা করেই একদম স্থির হয়ে গেলেন। কোনো উল্লাস নেই, আনন্দের কোনো ছাপ নেই। পল পগবা যেন অনুচ্চারে বলে দিলেন, ‘এই কাজটা তো আমারই করার কথা। সেটার জন্য উদ্যাপন করব কেন?’ ডাগআউটে থাকা ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশমকে একটা বার্তাও কি দিলেন?
পরশু হল্যান্ডের বিপক্ষে গোলটা তো আসলে একটা জবাবও। বুলগেরিয়ার সঙ্গে আগের ম্যাচে ফ্রান্স জিতলেও ঠিক খুশি হতে পারেননি দেশম। সরাসরিই বলেছিলেন, পগবার আরও ভালো করার সামর্থ্য আছে এবং সেটা তাঁর করা উচিত। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কথাটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন। পরশু পরের ম্যাচেই ৩০ গজ দূর থেকে করলেন দুর্দান্ত সেই গোল। ওই গোলটাই শেষ পর্যন্ত হল্যান্ডের বিপক্ষে জয় এনে দিয়েছে ফ্রান্সকে।
৩০ মিনিটের ওই গোলে অবশ্য ডাচ কোচ মার্টিন স্টেকেলেনবার্গেরও একটু দায় আছে। পগবার শটে হাত লাগিয়েও ঠেকাতে পারেননি। তবে ফ্রান্স মিডফিল্ডার কি আর ওসব মনে রাখবেন? ম্যাচ শেষে তাঁকে মনে করিয়ে দেওয়া হলো, পগবাই কি এই ফ্রান্সের প্রাণভোমরা? বিনয়ী পগবা অবশ্য সেটি স্বীকার করলেন না, ‘আমি ফ্রান্সের হয়ে খেলি। এটা পগবার দল নয়। আমি নিজেকে নিয়ে কিছু বলতে চাই না। আমি সব সময়ই দলের হয়েই খেলি।’ কোচের কথার ব্যাপারটাও এড়িয়ে গেলেন, ‘সমালোচনা শুনতে তো ভালো লাগার কিছু নেই, তবে ফুটবলে এটা হবেই। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করি। নতুন কিছুর কথা ভাবি। তবে এখনো শিখছি। আমি আরও গোল করতে চাই, দলকে বিশ্বকাপে নিয়ে যেতে চাই।’
সেই পথে এর মধ্যেই কিছুটা এগিয়ে গেছে ফ্রান্স। হল্যান্ডের সঙ্গে জয়ের পর তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে সবার ওপরে। সুইডেন আছে দুইয়ে, তিনে হল্যান্ড।
ক্রিস্টিয়ানো রোনালদো ফেরার পর পর্তুগাল যেন উড়ছেই। অ্যান্ডোরাকে ৬ গোল দেওয়ার পর পরশু ফারো আইল্যান্ডকেও দিয়েছে হাফ ডজন গোল। তবে এদিন রোনালদোকে ছাপিয়ে গেছেন ২০ বছর বয়সী স্ট্রাইকার আন্দ্রে সিলভা, ম্যাচের প্রথম তিনটি গোলই তাঁর। রোনালদো, জোয়াও মুতিনহো ও জোয়াও ক্যান্সেলো দিয়েছেন একটি করে গোল। তবে নিজেদের গ্রুপে পর্তুগাল ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে, ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে সুইজারল্যান্ড। এএফপি।
এক নজরে