জবাবই দেয়নি ব্রাদার্স!
রেফারিকে নিগ্রহ করার অপরাধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, বাফুফের দেওয়া সেই কারণ দর্শাও নোটিশের জবাবই দেয়নি ব্রাদার্স। তবে জবাব দেওয়ার নির্ধারিত তারিখ ২৬ জুনের মধ্যেই নিজেদের বক্তব্য তুলে ধরেছে আরেক অভিযুক্ত ক্লাব রহমতগঞ্জ।
পরশু শেষ হওয়া ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের বিপক্ষে রেফারির সিদ্ধান্ত মানতে পারেনি রহমতগঞ্জ। তারা রেফারির সঙ্গে অসৌজন্য আচরণ করেছে। ওই ঘটনার রেশ না কাটতেই আবাহনীর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আরও বড় ঘটনা। এবার রেফারির ওপর চড়াও হলেন ব্রাদার্সের এক কর্মকর্তা ও এক বলবয়। রহমতগঞ্জ ও ব্রাদার্সকে তাই কারণ দর্শাও নোটিশ দিয়েছিল বাফুফে। ব্রাদার্স জবাব না দেওয়ায় বাফুফের শৃঙ্খলা কমিটিই এখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত যে ব্রাদার্সের বিপক্ষে যাবে, তা অনেকটাই পরিষ্কার। রেফারির প্রাথমিক প্রতিবেদনে ব্রাদার্স কর্মকর্তার নাম ছিল না। তবে বাফুফে আবার প্রতিবেদন দিতে বলে রেফারিকে এবং তাতে আছে ব্রাদার্সের ওই কর্মকর্তার নাম।