জমবে তো মেসি-নেইমার-সুয়ারেজ জুটি?

ব্রাজিল বিশ্বকাপের অন্যতম প্রধান আলোচিত ফুটবলার লুইস সুয়ারেজ। ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড় দিয়ে। সেই কামড়কাণ্ডের রেশ প্রায় শেষ হওয়ার পথে। কিন্তু সুয়ারেজ এখনো আছেন আলোচনার কেন্দ্রে। আবহটা অবশ্য বদলেছে। এবারের মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে কেমন পারফরম্যান্স দেখাতে পারবেন, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। সুয়ারেজ কি পারবেন বার্সেলোনার ভরসা হয়ে উঠতে? মেসি-নেইমারের সঙ্গে ছন্দটা মিলবে তো সুয়ারেজের?
মেসি, নেইমার ও সুয়ারেজ। এসময়ের তিন সেরা ফরোয়ার্ড। তিনজনই সমান বিপজ্জনক প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য। কিন্তু তাঁরা যদি নিজেদের মধ্যে সমন্বয়টা সঠিকভাবে না করতে পারেন, তাহলে হয়তো হতাশই হতে হবে বার্সা সমর্থকদের। এমন আশঙ্কা ইতিমধ্যেই প্রকাশও করেছেন ইয়োহান ক্রুইফ।
সুয়ারেজকে দলে ভিড়িয়ে বার্সা ভুল করেছে বলেই মনে করেন ক্লাবের এই কিংবদন্তি কোচ, ‘সুয়ারেজ দারুণ খেলোয়াড়। কিন্তু সে জটিল চরিত্র। আমি জানি না তারা মেসি-নেইমার আর সুয়ারেজকে এক দলে রেখে কীভাবে সাবলীল আক্রমণাত্মক ফুটবল খেলবে। তারা সবাই নিজেদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপরই ভরসা রাখে। সুয়ারেজকে দলে ভেড়ানোর মাধ্যমে বার্সা ব্যক্তিগত নৈপুণ্যকেই প্রাধান্য দিয়েছে। ফ্রাঙ্ক রাইকার্ড ও পেপ গার্দিওলার তত্ত্বাবধানে তারা যে চমত্কার স্টাইলটা গড়ে তুলেছিল, সেটা পরিত্যাগ করা হয়েছে।’
গত মৌসুমে বার্সা যখন নেইমারকে দলে ভিড়িয়েছিল, তখনো সমালোচনা করেছিলেন ক্রুইফ। মেসি-নেইমার জুটি যে খুব বেশি কার্যকর হবে না, সেটা শুরুতেই বলেছিলেন এই ডাচ কিংবদন্তি। সত্যিই খুব বেশি জমেনি মেসি-নেইমার জুটি। মাঝেমধ্যে কিছু ঝলক দেখালেও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তাঁরা। বার্সেলোনাও গত মৌসুমে জিততে পারেনি বড় কোনো শিরোপা। কাজেই এবারও ক্রুইফের কথা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে সুয়ারেজকে নিয়ে অন্য রকমই ভাবছেন বার্সার নতুন কোচ লুইস এনরিকে। উরুগুয়ের এই স্ট্রাইকারকে দলে ভেড়ানোর ফলে বার্সা আরও শক্তিশালী হয়েছে বলেই মন্তব্য করেছেন তিনি, ‘এটা শুধু দুই বা তিনজন খেলোয়াড় না, পুরো দলের ব্যাপার। কিন্তু অবশ্যই একটা দারুণ দল গঠনে সুয়ারেজ অনেক ভূমিকা রাখবে।’
বার্সেলোনার সাবেক সহকারী কোচ হেঙ্ক তেন কাতেও গলা মিলিয়েছেন এনরিকের সঙ্গে। আক্রমণভাগের তিন তারকাই বার্সেলোনার ভাগ্য বদল করবে বলে আশা তাঁর, ‘মেসি, সুয়ারেজ ও নেইমার—তিনজনই খুব ভালো খেলোয়াড়। তারাই পার্থক্য গড়ে দিতে পারে। তাদের অনেক তারকাখ্যাতি আছে। আর সবচেয়ে বড় ব্যাপার, তারা একে অপরকে বুঝতে পারে।’
শেষ পর্যন্ত কার কথা সত্যি হয়, সেটাই এখন দেখার বিষয়।