সমান পয়েন্ট নিয়েই পরশু একই সময়ে খেলতে নেমেছিল দুই ইউরোপিয়ান পরাশক্তি। স্পেন মেসিডোনিয়ার স্কোপিয়েতে, আর লিখটেনস্টেইনের বিপক্ষে ইতালি নিজেদের মাঠে। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ইতালি ছিল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। মেসিডোনিয়াকে স্পেন হারিয়েছে ২-১ গোলে। ইতালি দুর্বল লিখটেনস্টেইনকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থান সেই আগের মতোই আছে। ‘জি’ গ্রুপ থেকে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার লড়াইটা এই দুই দলের মধ্যে বেশ জমে উঠেছে।
ফিফা র্যাঙ্কিংয়ে ইতালি ১২তম, লিখটেনস্টেইন ১৮৬তম। দল দুটির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। অনেকটাই অচেনা ইতালিকে প্রথমার্ধের ৩৫ মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ে কোনাকুনি ভলিতে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে অবশ্য ছন্দ ফিরে পায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন আন্দ্রে বেলোত্তি, যেটিতে অবদান ছিল ওই ইনসিনিয়েরই। এরপর স্কোরশিটে নাম লিখিয়েছেন এদের, বের্নারদেসকি ও গাব্বিয়াদিনি। এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট হলো ইতালির। সমান ম্যাচে একই পয়েন্ট পাওয়া স্পেনের গোল ব্যবধান ১৮, ইতালির ১৪। ‘জি’ গ্রুপের ম্যাচ বাকি আছে চারটি করে।
ইউরোপ থেকে রাশিয়ার টিকিট পাবে ১৩টি দল। নয় গ্রুপ থেকে নয়টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। আর সেরা আট রানার্সআপ দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। প্লে-অফ জেতা চারটি দলও খেলবে রাশিয়া বিশ্বকাপের মূলমঞ্চে। গোল ব্যবধান ছাড়াও আরেক দিক থেকে স্পেন ইতালির চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। দুই দলের দ্বিতীয় লেগের ম্যাচটি স্পেন খেলবে নিজেদের মাঠে। ইতালি থেকে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র করে ফিরেছিল তারা।
প্রথম লেগে মেসিডোনিয়াকে নিজেদের মাঠে ৪-০ গোলে হারিয়েছিল স্পেন। পরশুও মনে হচ্ছিল ও রকম বড় ব্যবধানেই জিতবে স্পেন। ১৫ মিনিটে ডেভিড সিলভা আর ২৭ মিনিটে ডিয়েগো কস্তার গোলে এগিয়ে যায় তারা। তবে এরপর আর মেসিডোনিয়ার রক্ষণে তেমন আতঙ্ক ছড়াতে পারেনি সাবেক বিশ্ব ও ইউরোর সেরা দলটি। উল্টো ৬৬ মিনিটে একটি গোল খেয়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল। আগের দিন জার্মানি ৭–০ গোলে উড়িয়ে দিয়েছে স্যান মেরিনোকে, তবে ইংল্যান্ড কোনোক্রমে রক্ষা পেয়েছে স্কটল্যান্ডের সঙ্গে (২–২)। এএফপি, রয়টার্স।