জয় পেল রিয়াল মাদ্রিদ

হারতে হারতেই অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচের প্রায় পুরোটা সময়ই ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে তাদের, কিন্তু এসপানিওলকে ৩-০ গোলের ব্যবধানে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি। এই জয়ে লা লিগার শীর্ষ স্থানটা অক্ষুণ্নই রেখেছেন কার্লো আনচেলত্তির ছেলেরা।
হামেস রদ্রিগেজ, গ্যারেথ বেল ও নাচো রিয়ালের পক্ষে গোল তিনটি করেন।
নিজেদের মাঠে খেলার একাদশ মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারত রিয়াল। করিম বেনজেমার শটটি বারে লেগে ফেরত আসে। তবে পরের মিনিটেই রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। গ্যারেথ বেলের ক্রস নিজের পায়ে নিয়ে কলম্বিয়ান স্ট্রাইকারের দিকে বাড়িয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছুটে এসে তা এসপানিওলের গোলে পাঠিয়ে দেন রদ্রিগেজ।
রিয়াল ২-০ গোলে এগিয়ে যায় গ্যারেথ বেলের গোলে। ২৮ মিনিটে ফ্রি-কিক থেকে চমৎকার গোলটি করেন তিনি। তাঁর বাঁক খাওয়া শটটি বারে লেগে বিভ্রান্ত করে এসপানিওলের গোলরক্ষককে।
৫৩ মিনিটে লালকার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার ফ্যাবিও কোয়েন্ত্রাও। ম্যাচের বাকি সময় ১০ জনের দল নিয়ে খেললেও রক্ষণ আঁটসাঁট রেখে ম্যাচের কর্তৃত্বটা ঠিকই বজায় রাখে রিয়াল। ৭৬ মিনিটে রদ্রিগেজের বদলি হিসেবে মাঠে নামা নাচের গোলে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের। বক্সের বাইরে থেকে ইসকোর বাড়ানো বল ধরে আরবেলোয়া ক্রস ফেলেন এসপানিওলের গোলমুখে, সেই ক্রসে বেল মাথা ছোঁয়াতে ব্যর্থ হলেও তা ফাঁকায় পেয়ে যান নাচো। বাঁ পায়ের শটে প্রতিপক্ষের গোলে বল ফেলতে খুব একটা বেগ পেতে হয়নি নাচোর।
টানা পরাজয়ের পর দলের জয়ে স্বস্তি থাকলেও কোয়েন্ত্রাওয়ের লালকার্ড নিয়ে নিজের বিরক্তি গোপন করেননি রিয়াল কোচ আনচেলত্তি। কোয়েন্ত্রাওয়ের লালকার্ড ম্যাচের পরিস্থিতি যথেষ্ট কঠিন করে তুলেছিল বলে স্বীকার করেছেন তিনি, ‘লালকার্ডের সিদ্ধান্তটা আমার কাছে একেবারেই বোধগম্য নয়। এই লালকার্ড ম্যাচটা আমাদের জন্য কঠিন বানিয়ে দিয়েছিল। তবে খেলোয়াড়দের ধন্যবাদ, তারা ভালো খেলেই ম্যাচটা নিজেদের করে নিয়েছে। সূত্র: এএফপি।