জয়টা কি স্পেনের 'হ্যালির ধূমকেতু'!

একটা সময় প্রশ্নটা ছিল—স্পেন কবে হারবে? একটা সময় স্পেনের পক্ষে বাজি ধরা মানে ছিল নিশ্চিত জয়। ফুটবল ইতিহাসে আগে কখনো হয়নি এমন অনেক কিছুই তারা টিকিটাকা নামের আশ্চর্য এক জাদুমন্ত্র দিয়ে করে ফেলেছে। সেই স্পেনের কোনো জাদুই যেন খাটছে না। ইউরো-বিশ্বকাপ-ইউরোর শিরোপাত্রয়ী অনন্য কৃতিত্ব নিয়ে ব্রাজিলে গিয়ে কী ন্যক্কারজনক ফলটাই না হজম করতে হলো।
সেই স্পেন সেই ভিসেন্তে দেল বস্ককে নিয়েই যখন নতুন যুগ শুরু করল কাল, সেটার সূচনাও হলো পরাজয় দিয়ে। ইউরো বাছাই পর্ব খেলার আগে ইউরোপের দলগুলো প্রীতিম্যাচের খোলসে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল। আর তাতেই ফ্রান্সের কাছে ১-০ গোলে হারতে হলো স্পেনকে। সর্বশেষ চার ম্যাচে এই স্পেনের তৃতীয় পরাজয়, যার দুটোই এসেছে বিশ্বকাপে। ফ্রান্সের বিপক্ষেও আট বছর পর হারার অভিজ্ঞতা হলো স্পেনের।
দেল বস্ক থাকার পরও কেন ‘নতুন যুগ’ বলা হচ্ছে, সেটা বোঝা যাবে একাদশের দিকে তাকালে। স্পেনের সোনালি প্রজন্মের ধার শেষ হয়ে এসেছে বুঝতে পেরেই এখন তরুণদের দিকে তাকিয়ে আছে দেশটি। কালকের একাদশেও যেমন ছিল তিনজন নতুন অভিষিক্ত খেলোয়াড়। আর দলের সবচেয়ে ‘সিনিয়র’টির নামও সান্তি কাজোরলা, বয়স যাঁর ২৯। জাভি-জাবি-ভিয়ারা অবসর নিয়ে ফেলেছেন আগেই। আন্দ্রেস ইনিয়েস্তা আর জেরার্ড পিকেরাও ছিলেন না।
শেষ পর্যন্ত পরাজয়টাই কপালে জুটেছে। তবে দেল বস্কের মতো ইতিবাচক মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাঁচ গোলের ডাচ-বিভীষিকার পরও তিনি আশার গান শুনিয়েছিলেন। এই পরাজয়েও আশার নুড়িপাথর যথেষ্ট জমল তাঁর কথার ঝুড়িতে। সবচেয়ে বড় কথা, পরাজয়টা যখন এসেছে ফ্রান্সের সুপার সাব লইচ রেমির ৭৩ মিনিটে করা একমাত্র গোলে।
সবই ঠিক আছে। স্পেন তাদের খেলার ধরনেও খুব বেশি পরিবর্তনও আনেনি। কিন্তু সেই শেষ ধারটা তাদের খেলায় অনুপস্থিত। বিশেষ করে ডিয়েগো কস্তা যেন পণই করেছেন, গোল যা করার ক্লাবের হয়েই করবেন। জাতীয় দলে খেলে তো আর পয়সা-কড়ি সে রকম মেলে না!
মজার ব্যাপার হলো, জয়ের পর ফরাসি কোচ দিদিয়ের দেশমও স্পেনের পাশেই এসে দাঁড়ালেন। ফ্রান্স তাদের একাদশে মাত্র একটা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলের ১০ জনই বিশ্বকাপে সর্বশেষ ম্যাচটাতে খেলেছেন। সবচেয়ে বড় কথা, ফ্রান্স রূপান্তরকালীন সময়টা আগেই শুরু করে দিতে পেরেছে বলে একটা স্থীতি আসছে। স্পেনের জন্যও সেই সময়টা লাগবে। দেল বস্ক কোনো জাদুকর নন মনে করিয়ে দিয়ে দেশম বলছেন, ‘রাতারাতি তো আর সব কিছু পাল্টে দেওয়া যায় না। আলোনসো, জাভি, পিকে, ইনিয়েস্তাদের ছাড়া খেলাটা সহজ নয়। দেল বস্ক দুর্দান্ত একজন কোচ, কিন্তু মনে রাখবেন, তিনি জাদুকর নন।’
তা তো বটেই। তবে কিনা জয়টা স্পেনের জন্য আবার যেন দুর্লভ না হয়ে ওঠে। দীর্ঘ অপেক্ষার পর উদীয়মান হওয়া হ্যালির ধূমকেতুর মতো দুর্লভ! সূত্র: এএফপি।