জয়ে শুরু 'দাদা'র কলকাতার

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ পর্দা উঠল ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল)। প্রথম ম্যাচে মুম্বাই সিটি এফসিকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে সৌরভ গাঙ্গুলীর অ্যাটলেটিকো ডি কলকাতা।
২৭ মিনিটেই আলতো টোকায় মুম্বাইয়ের জালে বল জড়িয়ে দেন কলকাতার স্ট্রাইকার ফিকরু টিফেরা। গোলের পর এই ইথিওপিয়ান স্ট্রাইকারের উদযাপনটাও ছিল ভীষণ উপভোগ্য। ৬৯ মিনিটে অসাধারণ এক ফিনিশিংয়ে কলকাতাকে ২-০ করে দেন স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার বোরহা ফার্নান্দেজ। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে মুম্বাইয়ের কফিন শেষ পেরেক ঠুকে দেন ‘সুপার সাব’ আরনাল। অবশ্য গোল উদযাপনের সময় জার্সি খুলে ফেলায় হলুদ কার্ড দেখেছেন আরনাল। কলকাতার গোলরক্ষক শুভাশিষ রায়ের কয়েকটি সেভ ছিল চোখ ধাঁধানো। তবে মামুনুল ইসলাম প্রথম ম্যাচে মূল একাদশে জায়গা পাননি।
টিভি ক্যামেরা দেখাল, ম্যাচ শেষে বলিউড তারকা অভিষেক বচ্চনের মাথায় হাত! শুধু অভিষেক নন, ম্যাচের ফলে নিশ্চয় হতাশায় পুড়েছেন মুম্বায়ের সব সমর্থকই। অন্যদিকে শুভ সূচনায় দারুণ তৃপ্ত কলকাতার সমর্থকেরা।