জয়ের আনন্দে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ জয়ের পর কতভাবেই না তা উদ্যাপন করেন খেলোয়াড়েরা! তাই বলে স্কোরবোর্ড খুলে নিয়ে নাচানাচি! কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিরগিজস্তানকে ৩-২ গোলে হারানোর পর সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা পারলে পুরো স্কোরবোর্ড খুলেই যেন বাড়ি নিয়ে যায়! তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয়ের পর প্রথমে মাঠেই একদফা আনন্দ করেছে আমিরাতের মেয়েরা। বৃষ্টিভেজা মাঠে কাদার মধ্যে খেয়েছে লুটোপুটি। এরপর দৌড়ে ড্রেসিংরুমে যাওয়ার বদলে মেয়েরা ছোটে মাঠের পূর্ব পাশে রাখা অ্যানালগ স্কোরবোর্ডের দিকে। জয়ের স্মারক রাখতেই কিনা ৩ সংখ্যাটি খুলে নিল কেউ। আরেকজন খুলে নিল ইংরেজিতে ইউএই লেখা বোর্ডটি। দূরে থাকা স্বেচ্ছাসেবকেরা এগুলো দেখে ছুটে এলেন মেয়েদের কাছে। হাত থেকে নিয়ে নিলেন দুটি বোর্ড। এতে মন খারাপ হয়নি আমিরাতের মেয়েদের। প্রতিযোগিতায় এটাই যে তাদের প্রথম জয়!