সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন জাতীয় দলের কোচ টম সেন্টফিট। এএফসি অনূর্ধ্ব-১৬ চূড়ান্ত পর্বে ওঠা কৃষ্ণা-সানজিদাদের দেখে অনুপ্রেরণা খুঁজতেই পারে বাংলাদেশের পুরুষ ফুটবল দল। সর্বশেষ ১৮টি আন্তর্জাতিক ম্যাচে জয় মাত্র দুটি। হারের ব্যবধানও বড় বড়। ধুঁকতে থাকা সেই দলই আজ এশিয়ান কাপের প্রথম প্লে-অফে মাঠে নামছে জয়ের আশায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভুটানের সঙ্গে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
এই ম্যাচের প্রস্তুতি উপলক্ষেই মালদ্বীপের সঙ্গে ১ সেপ্টেম্বর একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মালের সেই ম্যাচ থেকে ৫-০ গোলে হারের লজ্জা নিয়েছে দল। সেন্টফিটের কোচিং ক্যারিয়ারেই নাকি এত বড় লজ্জার হার নেই! প্রীতি ম্যাচ হার দিয়ে শুরু হলেও সেন্টফিটের আসল পরীক্ষা আজই। মালদ্বীপের বিপক্ষে দলে বড় বদল এনেই ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন সেন্টফিট। দলে যতই বদল আনা হোক না কেন, আত্মবিশ্বাস নেমে দাঁড়িয়েছে নিচুতে। কিন্তু কোচ আত্মবিশ্বাসী, জয়ই আশা করছেন এই বেলজিয়ান, ‘এ ম্যাচে যদি আমরা কোনো গোল না খাই, তাহলে খুব ভালো হয়। ১-০ হলে খুশি হব, ২-০ হলে আরও খুশি। আর ৩-০ হলে তো কথাই নেই।’
বাফুফের সম্মেলনকক্ষে তখন হাসির রোল! ভুটানের সঙ্গে এই জয়টা খুব গুরুত্বপূর্ণ। সেন্টফিটের তা না জানার কারণ নেই, ‘আমাদের একটা জয় ভীষণ দরকার। কারণ, ভুটানে গিয়ে অ্যাওয়ে ম্যাচে জিতে আসা সহজ হবে না।’
এখন ভুটানের মতো দলও বাংলাদেশকে চোখ রাঙায়। অথচ এই ভুটানের সঙ্গে কখনোই হারেনি বাংলাদেশ। ভুটানের সবচেয়ে বড় অস্ত্র ফরোয়ার্ড চেনচো গেইলশেইন। গত মাসে এএফসি এশিয়া কাপের ম্যাচে ভুটানের ক্লাব টারটনস এফসির কাছে হেরে যায় বাংলাদেশের ক্লাব শেখ রাসেল। ভুটানের ওই দলের সাত ফুটবলার আছেন জাতীয় দলে। তাঁদের অন্যতম চেনচো।
সেন্টফিটও আলাদা করে ভাবছেন চেনচোকে নিয়ে, ‘আমরা অন্ধের মতো শুধুই আক্রমণে যাব না। রক্ষণটা সামলেই খেলতে হবে। না হলে চেনচো ফাঁকা পেলেই গোল করবে, আমরাও বড় সমস্যায় পড়ে যাব।’
ভুটান কৃত্রিম টার্ফে খেলে অভ্যস্ত। কিন্তু আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাদের খেলতে হবে ঘাসের মাঠে। বৃষ্টি-কাদায় মাখামাখি মাঠে বরং সাখাওয়াত রনি, হেমন্তরাই থাকবেন এগিয়ে।
দীর্ঘদিন অধিনায়কত্ব করা মামুনুল ইসলামকে ছাড়াই দল ঘোষণা করেছেন কোচ। অধিনায়কত্বের বন্ধনী আজ থাকবে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার হাতে। হঠাৎ পাওয়া দায়িত্ব যেন রাতারাতি চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষকের বয়সটা দিয়েছে বাড়িয়ে, ‘আমি আসলে এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। তবে অধিনায়ক হই আর খেলোয়াড় হই, সেটা বড় নয়, আমাদের সব নজর থাকবে ম্যাচেই। যেকোনোভাবেই হোক ম্যাচটি জিততে হবে আমাদের।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভুটান চার দিন আগে ঢাকায় এসেছে। এর আগে থিম্পুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারতের সঙ্গে। তাতে যদিও ৩-০ ব্যবধানে হেরেছে ভুটান, তবে সেটি নিয়ে কোচ পেমা দর্জি ভাবছেন কম। জয়েই চোখ তাঁর, ‘আমরা যদিও প্রস্তুতির জন্য মোটেও সময় পাইনি। কারণ, লিগটাই শেষ হলো কিছুদিন আগে। মাত্র তিন সপ্তাহের প্রস্তুতি পেয়েছি এই ম্যাচের জন্য। তারপরও ছেলেরা দারুণ আত্মবিশ্বাসী। আশা করি, জিতেই মাঠ ছাড়ব।’