ম্যাচ শেষ হতেই শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদের রাগে গজগজ করতে করতে ভিআইপি গ্যালারি ছাড়লেন। তাঁর মুখে বাফুফের বিরুদ্ধে ক্ষোভ, ‘ম্যাচ হেরেছি। ওরা (বাফুফে) দলটাকে ভেঙে দিয়েছে। দলটি না ভাঙলে আজ এমন ফল হতো না।’
বাফুফে শেখ জামালের গতবারের দলটা ভেঙেছে, নাকি শেখ জামালের দোষেই দল ভেঙেছে সেটা বিতর্কের বিষয়। তবে এএফসি কাপে যে বিবর্ণ দেখাচ্ছে শেখ জামালকে, তাতে কোনো সংশয় নেই। তিন বিদেশি ওয়েডসন, এমেকা ও ল্যান্ডিং ছাড়া দেশি ফুটবলাররা একেবারেই নিষ্প্রভ। বিদেশি তিনজনই কাল তিন গোল করেছেন। কিন্তু দুবার এগিয়ে গিয়েও রক্ষণ আর গোলরক্ষকের ব্যর্থতায় মালয়েশিয়ার ক্লাব সেলাঙ্গর এফএর কাছে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে হেরেছে ৩-৪ গোলে। টুর্নামেন্টে এটি শেখ জামালের টানা তৃতীয় হার।
শেখ জামালের খেলায় পরিকল্পিত আক্রমণ নেই, দেশি ফুটবলারদের শরীরী ভাষায় জয়ক্ষুধার বড্ড অভাব। খেলছেন গা-ছাড়া ফুটবল। তিন বিদেশি বারবার ম্যাচে ফেরার চেষ্টা কললেও দেশি ফুটবলাররা ভুল করে হারের পথ পরিষ্কার করেন।
২৯ মিনিটে ২৫ গজি শটে ল্যান্ডিং এগিয়ে নেন শেখ জামালকে। ৩৮ মিনিটে প্যাট্রিক রোনালদিনহো সমতা ফেরান। ৫৩ মিনিটে স্কোর গোপি রামাচন্দ্রনের সৌজন্যে ২-১। ৬৫ মিনিটে ল্যান্ডিংয়ের হেডে ২-২। পরের মিনিটেই ওয়েডসন ৩-২ করলে জয়ের আশা জেগে ওঠে আবার। কিন্তু ৭০ মিনিটে শেখ জামাল ডিফেন্ডারদের ভুলে আন্দ্রেস অলিভি করেন ৩-৩। ৮৪ মিনিটে গোলরক্ষক সোহেলের হাস্যকর ভুলে সেই অলিভিই সফরকারীদের এনে দিলেন জয়সূচক গোল।
এমন হারে হতাশ কোচ শফিকুল ইসলাম মানিকের আফসোস, ‘অন্তত ১টা পয়েন্ট পেলেও খুশি হতাম। ভাগ্য আমাদের পাশে ছিল না, তার চেয়েও বড় কথা নিজেদের ভুলেই হেরেছি।’ ১২ এপ্রিল মালয়েশিয়ায় শেখ জামালের চতুর্থ ম্যাচটি এই সেলাঙ্গরের সঙ্গেই।