জরিমানা গুনতে পারেন নেইমার!

ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসার জন্যই তো খেলা! সেই ভক্তকুল যদি অটোগ্রাফ চায়, না করা যায়? নেইমারও না করতে পারেননি। এমনিতে ভক্তদের আবদার মেটাতে ব্রাজিলীয় সেনসেশনের জুড়ি মেলা ভার! এদিনও এক ভক্তকে অটোগ্রাফ দিয়েছিলেন। তবে ম্যাচ চলার সময়। ব্যস, ফ্যাঁকড়াটা বেধেছে সেখানেই। ম্যাচ চলার সময় অটোগ্রাফ দেওয়ার ‘দায়ে’ এখন জরিমানা গুনতে হতে পারে নেইমারকে!
গত রোববার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে বেঞ্চ থেকে শুরু করতে হয়েছিল নেইমারকে। বদলি হিসেবে নামাবেন বলে কোচ তাঁকে নির্দেশ দিলেন গা গরম করে নিতে। কিন্তু হঠাত্ই দেখা গেল গা-গরমের ফাঁকে এক ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন তিনি! ভক্তের দাবি মিটিয়ে দ্রুতই অবশ্য নিজের কাজে মনোনিবেশ করেন। তবে লা লিগার একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলিয়ান তারকার এ কাণ্ড বার্সেলোনার কাছে মোটেও ‘গ্রহণযোগ্য’ নয়। ধারণা করা হচ্ছে, এর জন্য জরিমানা গুনতে হতে পারে নেইমারকে। সূত্র: ইয়াহু স্পোর্টস।