জরিমানা দিয়েই পার পাচ্ছে আরামবাগ
শাস্তির মাত্রাটা কেমন হতে পারে, তা নিয়ে দিনভর গুঞ্জন ছিল ফুটবল ভবনে। অনেকে ভেবে নিয়েছিল লম্বা সময়ের জন্য বহিষ্কার হতে যাচ্ছে আরামবাগ ক্রীড়াসংঘ। কিন্তু ফুটবল ভবনে হামলা এবং ভাঙচুরের দায়ে আরামবাগকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনাদায়ে এক বছরের জন্য ফুটবলের সব কার্যক্রম থেকে তাদের বহিষ্কার করা হবে। কাল বাফুফের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। ৫ জানুয়ারি চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্বে আরামবাগের ম্যাচ শুরুর আগে জরিমানার অর্থ দিতে হবে বাফুফেকে।
গত ২২ ডিসেম্বর কমলাপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ লিগে পুলিশ-আরামবাগের ম্যাচ শেষে আরামবাগ ক্লাবের একদল উচ্ছৃঙ্খল সমর্থক হামলা করে বাফুফে ভবনের ব্যাপক ক্ষতি করে। কর্মকর্তা ও সাংবাদিকদের গাড়িও তাদের হাত থেকে রেহাই পায়নি। দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থার ভবনে ন্যক্কারজনক এই হামলা করেও শুধু আর্থিক জরিমানা দিয়েই পার পেয়ে গেল ক্লাবটি! বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর চোখে অবশ্য এটিই সর্বোচ্চ শাস্তি, ‘আরামবাগ ক্লাবের সমর্থকেরাই যে এ ঘটনা ঘটিয়েছে এতে কোনো সন্দেহ নেই। তদন্ত কমিটিও এর সত্যতা পেয়েছে। তবে ফুটবলের বৃহত্তর স্বার্থেই আমরা তাদের আর্থিক জরিমানা করেছি। কারণ ক্লাবটির কর্মকর্তারা দোষ স্বীকার করেছেন। তা ছাড়া মাত্র তিন মাস নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। এ ক্লাবের একটা ঐতিহ্যও আছে। সবকিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা তাদের সঙ্গে কোনো সমঝোতা করিনি। এ পর্যন্ত এটাই ঘরোয়া ফুটবলের কোনো ক্লাবের বিপক্ষে সর্বোচ্চ আর্থিক জরিমানা।’
চ্যাম্পিয়নশিপ লিগের ওই ম্যাচের দিন যদি কোনো খেলোয়াড় ও কোচ দোষী প্রমাণিত হয়ে থাকেন তাহলে ডিসিপ্লিনারি কমিটিও তাঁদের শাস্তি দেবে। ওই দিনের হামলার ঘটনার পর মতিঝিল থানায় একটি মামলা করে বাফুফে। পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে আরামবাগ ক্লাবের সমর্থকদের বিরুদ্ধে। কোনো মামলাই উঠছে না।