জরিমানা দিয়েই পার পাচ্ছে আরামবাগ
ফুটবল ফেডারেশন ভবনে ভাঙচুর ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে আরমবাগ ক্রীড়াসংঘকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
গত ২২ ডিসেম্বর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে পুলিশ এসসির কাছে ৩-২ গোলে হারের পর মাঠেই উচ্ছৃঙ্খল আচরণ করেন আরামবাগের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকেরা। ওই ম্যাচের পরই বিকেলে আরামবাগ ক্লাবের নামে স্লোগান দিয়ে বাফুফে ভবনে ব্যাপক ভাঙচুর চালায় ক্লাবটির উচ্ছৃঙ্খল সমর্থকেরা। সেখানে সংবাদকর্মীদের গাড়িসহ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
বাফুফে বলেছে, বিভিন্ন তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণে এই উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে আরামবাগ ক্লাবের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ক্লাবটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আরামবাগ ক্লাবকে জরিমানার টাকা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হওয়ার আগেই পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের আগামী এক বছর সব ধরনের ফুটবলের কর্মকাণ্ডে নিষিদ্ধ থাকতে হবে।
বাংলাদেশের ফুটবলে কোনো ম্যাচ হেরে ক্লাব সমর্থকদের এমন তাণ্ডবের ঘটনা নজিরবিহীন। ঘটনার গুরুত্ব ও অপরাধ বিবেচনায় আরামবাগ ক্লাবের শাস্তি কিছুটা কম হয়ে গেল কি না, এমন প্রশ্ন উঠছে। বাফুফের ভাষ্য, এ ব্যাপারে আরামবাগ ক্লাবের ঐতিহ্য ও বাংলাদেশের ফুটবলে তাদের অতীত অবদানকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। আর ঘটনার পরপরই আরামবাগ ক্লাবের দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা করার বিষয়টিও বিবেচিত হয়েছে।
২২ ডিসেম্বরের ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে একটি আরামবাগ ক্লাবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। জানা গেছে, সে মামলাটি নিজস্ব গতিতেই চলবে। আরামবাগ ক্লাবের বিরুদ্ধে বাফুফের আরও একটি মামলাও ‘আইন অনুযায়ী’ চলবে বলে জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।