জর্জ উইয়াহর ছেলে বাবার পথেই

বাবার দেখানো পথেই হাঁটছে টিমোথি উইয়াহ। বাবার পথ ধরেই প্যারিস সেন্ট জার্মেইঁয়ে (পিএসজি) খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে সে। ১৭ বছর বয়সী টিমোথি লাইবেরিয়ান ফুটবলের প্রবাদ পুরুষ জর্জ উইয়াহর ছেলে।
জর্জ উইয়াহকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। ১৯৯৫ সালে এখনো পর্যন্ত একমাত্র আফ্রিকান ফুটবলার হিসেবে জিতেছিলেন ব্যালন ডি অ’র। তিনবার আফ্রিকার বর্ষসেরা ৫০ বছর বয়সী এই সাবেক ফুটবলার ছেলেকে গড়ছেন একেবারে নিজের মতো করে। একসময় পিএসজিতে খেলা বাবার জন্য তাই সোমবার দিনটি ছিল দারুণ গর্বের।
টিমোথির জন্ম আসলে যুক্তরাষ্ট্রে। সেখানেই বেড়ে ওঠা। নিউইয়র্কের ব্রুকলিনে খেলেছে সে, খেলেছে কুইন্সের হয়েও। পিএসজিতে আসার আগে টিমোথি খেলেছে মেজর লিগের দল নিউইয়র্ক রেড বুলসের হয়ে।
শরীরী গঠনে একেবারে বাবার মতো দেখতে টিমোথির সঙ্গে তিন বছরের চুক্তি করেছে পিএসজি। সোমবার তাকে পিএসজি পরিচয় করিয়ে দেয় সংবাদমাধ্যমের সঙ্গে। বয়সটা এখনো অনেক কম, তবে টিমোথির মধ্যে বাবা জর্জ উইয়াহর স্ফুলিঙ্গটা ফ্রান্সের অন্যতম সেরা এই ক্লাব দেখতে পেয়েছে বলেই হয়তো এই চুক্তি। টিমোথি পিএসজির অনূর্ধ্ব-১৫ দলেও খেলেছে।
জর্জ উইয়াহ ফ্রান্সে পিএসজি ছাড়াও খেলেছেন মোনাকোতে। এরপর পিএসজি ও এসি মিলানের হয়ে বিখ্যাত হয়েছেন। ম্যানচেস্টার সিটি ও চেলসিতে খেলেছেন। লাইবেরিয়ায় জন্ম নেওয়ার কারণেই বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে কোনো দিন বিশ্বকাপে দেখা যায়নি। সূত্র: এএফপি