জর্ডান মিশনে ফুটবল দল
সংবাদ সম্মেলন শুরুর আগে তড়িঘড়ি করে বাফুফে সহসভাপতি বাদল রায়ের কক্ষে ঢুকলেন কোচ গনজালো মোরেনো। মিনিট দশেকের সলাপরামর্শ সেরে সোজা গণমাধ্যমের সামনে এলেন জাতীয় দলের নতুন কোচ। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে এরপর কাল রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।
২৪ মার্চ জর্ডানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে তার আগে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। জর্ডান যাওয়ার আগে তাই বাংলাদেশ দলের প্রথম গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। প্রস্তুতি ম্যাচ শেষে আমিরাতেই দিন তিনেকের অনুশীলন। এরপর ২১ মার্চ জর্ডানে পৌঁছাবে বাংলাদেশ দল।
বাফুফের দেওয়া শাস্তির খড়্গে মামুনুলসহ সাত ফুটবলার নেই দলে। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস কার্ডের খাঁড়ায় খেলতে পারবেন না। শেষ মুহূর্তে চোট পেয়ে দলের সঙ্গী হতে পারেননি সাখাওয়াত রনি। এমন একটা ভঙ্গুর দল নিয়ে জর্ডানের সঙ্গে লড়াই করার সাহসও পাচ্ছেন না কোচ। তারপরও মোরেনোর কণ্ঠে আশার বাণী, ‘জর্ডানে আমি একা নই, সবাই ভালো খেলতে মুখিয়ে আছে। জানি দুটি ম্যাচই কঠিন হবে। তবে ছেলেরা দলকে কিছু দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের লক্ষ্যই থাকবে ভালো খেলা।’
ঢাকায় পুরো শক্তির দল নিয়েও বাংলাদেশ হেরেছিল ৪-০ গোলে। এবার জর্ডানের মাঠে গিয়ে ভাঙাচোরা দল নিয়ে কেমন খেলে সেটাই দেখার। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়া ডিফেন্ডার রেজাউল করিম বেশ আত্মবিশ্বাসী, ‘নতুন দায়িত্বটা মোটেও চাপ মনে করছি না। দলের সিনিয়ররা আমাকে যথেষ্ট সাহায্য করছেন। কর্মকর্তারা আমাকে আগের সবকিছু ভুলে যেতে উপদেশ দিয়েছেন। বলেছেন একটা দল হয়ে খেলতে। দলের শৃঙ্খলাভঙ্গের মতো কিছু যেন পুনরাবৃত্তি না হয় সেটাই দেখব।’