জর্ডান ম্যাচে অস্ট্রেলীয়-শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডান ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের চোটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ছিটকে গেলেন দল থেকে। কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে হতাশ এক দর্শকের চোখে দলের অনুশীলন দেখলেন এই মিডফিল্ডার l প্রথম আলো
জর্ডান ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের চোটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ছিটকে গেলেন দল থেকে। কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে হতাশ এক দর্শকের চোখে দলের অনুশীলন দেখলেন এই মিডফিল্ডার l প্রথম আলো

খেলোয়াড়-কোচ-কর্মকর্তা সবার মুখেই এক কথা, ‘আমরা অস্ট্রেলীয় অভিজ্ঞতা কাজে লাগাতে চাই জর্ডানের সঙ্গে।’
পার্থ থেকে পরশু রাতে ফিরে কাল বিকেলেই শেখ জামাল ধানমন্ডি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন বলতে রক্ষণ নিয়েই বেশি কাজ করা। কোচ লোডভিক ডি ক্রুইফ তো বলেই দিয়েছেন জর্ডানের সঙ্গে আক্রমণাত্মক খেলা হবে আত্মঘাতী। ম্যাচের কাঙ্ক্ষিত ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে চান না তিনি। নিজেদের কাজটাই তাঁর কাছে আসল, আর সেটি হলো রক্ষণ নিয়ে বাড়তি অনুশীলন, ‘জর্ডানের সঙ্গেও রক্ষণকাজটা আমাদের খুব ভালোভাবে করতে হবে।’
কিন্তু রক্ষণভাগ নিয়ে দল পড়েছে দুশ্চিন্তায়। নাসিরুল কাল পায়ে হালকা চোট নিয়েই অনুশীলন করেছেন। আরেক ডিফেন্ডার ইয়াসিন চোটের কারণে প্রায় ছিটকেই পড়েছেন জর্ডান ম্যাচ থেকে। বাংলাদেশের জন্য দুঃসংবাদ আছে আরও, মিডফিল্ডার হেমন্ত কাল অনুশীলনই করতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে জর্ডান ম্যাচে তিনি মাঠের বাইরে।
কিরগিজস্তানের সঙ্গে ড্র করে জর্ডান ঢাকায় এসেছে গতকালই। ঢাকায় প্রথম আসা মধ্যপ্রাচ্যের দলটির সঙ্গে আগে কখনো খেলেনি বাংলাদেশ। জর্ডানকে প্রায় অস্ট্রেলিয়ার সমমানের দলই ভাবা হচ্ছে। জর্ডান (র্যা ঙ্কিং ৯১) অস্ট্রেলিয়ার চেয়ে (৬১) কাগজে-কলমে হয়তো একটু পেছনে। কিন্তু মামুনুলের চোখে এই পার্থক্যটা ‘১৮-২০।’ ঢাকায় তাই ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু ম্যাচটাকে আরেকটি কঠিন পরীক্ষাই বলছেন। ঘরের মাঠে বলেই সেই পরীক্ষায় একটু ভালো করার সাহস পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
কিন্তু ঘরের মাঠে খেলা হলেও জর্ডানকে অনেক উঁচুতেই রাখছেন কোচ ডি ক্রুইফ। দলটির খেলা দেখেছেন ভিডিওতে, আর সবার মতো তাঁরও অভিমত, সব দিক দিয়েই জর্ডান বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তবে অস্ট্রেলিয়া ম্যাচের চেয়ে দলের কাছে আরেকটু ভালো খেলার আশা করছেন। ঘুরেফিরেই আসছিল অস্ট্রেলিয়া ম্যাচের কথা। ওই ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্সে তিনি খুশি? ডি ক্রুইফ সাংবাদিককেই উল্টো প্রশ্ন করলেন, ‘আপনি কি খুশি?’
এশিয়ার চ্যাম্পিয়নদের সঙ্গে ৫ গোলে হার। অন্তত স্কোরলাইনের দিকে তাকিয়ে অখুশি হওয়ার কিছু নেই। আরব আমিরাতের কাছে মালয়েশিয়া খেয়েছে ১০ গোল। কুয়েতের কাছে ১৫ গোলে দুরমুশ ভুটান। এ প্রসঙ্গ টেনে ডি ক্রুইফ সন্তুষ্টিই প্রকাশ করছিলেন। তবে পার্থের মাঠে বাংলাদেশ দলের বল পজেশন ছিল মাত্র ১৯ শতাংশ। জর্ডান ম্যাচে সেটি বাড়বে বলেই তাঁর আশা। দলের কাছে তাঁর চাওয়া আছে আরও, ‘আমাদের লড়াই করতে হবে। আমরা খুব ভালো পরিকল্পনা নিয়েই নামব।’
সেই পরিকল্পনার বড় অংশজুড়ে থাকছেন গোলরক্ষক সোহেল। অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের গোলরক্ষকের ওপর দিয়েই গেছে সবচেয়ে বড় ঝড়। বাংলাদেশ দল রক্ষণকাজটা এত নিচে নেমে করছিল যে, সোহেল একপর্যায়ে বলই দেখতে পারেননি।
কাল অনুশীলনের আগে এমনটাই বলছিলেন চট্টগ্রামের তরুণ। বাবা ইউসুফ বলী একসময় আজাদ স্পোর্টিং, রহমতগঞ্জে খেলেছেন। ভাই জাহাঙ্গীর আলম মিন্টু খেলেছেন আবাহনীতে। ফুটবল-সংস্কৃতির মধ্যেই বেড়ে ওঠা সোহেল অস্ট্রেলিয়া ম্যাচে ভালো কিছু সেভ করে প্রশংসিত হয়েছেন। জর্ডান ম্যাচেও চান সেভাবেই খেলতে। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ৩০ মিনিটে ৪ গোল খাওয়ার দুঃস্বপ্ন তিনি ভুলতে পারছে না, ‘আসলে আমি ঠিকমতো বলও দেখছিলাম না। অসহায়ও লাগছিল। তবে ভয় পাইনি। গোলরক্ষক কোচ আগেই বলেছিলেন বল আসবে অনেক, সেভাবেই প্রস্তুত ছিলাম।’
অস্ট্রেলিয়ার গোলরক্ষকের বাহবা পেয়ে অনুপ্রাণিত বোধ করছেন সোহেল, ‘ম্যাচটা খেলে আমার আত্মবিশ্বাস বেড়েছে অনেক। ওদের গোলরক্ষক পিঠ চাপড়ে বলল, ওয়েলডান। আসলে অস্ট্রেলিয়ায় খেলে বুঝলাম আমরা কত পেছনে আছি।’ এটি বাংলাদেশ দলেরই সম্মিলিত উপলব্ধি। বাস্তবতা মেনে তাই জর্ডান ম্যাচে কোনো উচ্চাশা নেই। আছে শুধু অস্ট্রেলিয়া ম্যাচ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ঢেলে দেওয়ার প্রতিজ্ঞা।